পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় পরাজয়ের মধ্যে পরিচালক রাজ চক্রবর্তী রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। ৪ মে ফলাফল প্রকাশের দুদিন পর তিনি এ সিদ্ধান্ত জানান। ২০২১ সালে রাজনীতিতে পদার্পণ করে ব্যারাকপুরে তৃণমূলের টিকিটে লড়াই করেন এবং জয়লাভ করে পাঁচ বছর বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজ্য সরকারের একাধিক প্রকল্পের প্রচারে তিনি সক্রিয় ছিলেন। কিছুদিন আগে ‘লক্ষ্মীর ভান্ডার’ তথ্যচিত্রের পরিচালনাও করেছিলেন। চলতি বছরের নির্বাচনে পুরোনো কেন্দ্র ব্যারাকপুর থেকে আবার প্রত্যাশী হলেও তিনি হেরে যান। ফল প্রকাশের পর নিজের রাজনৈতিক অধ্যায়ে ইতি টানার কথা জানিয়েছেন।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাজ লিখেছেন, “জীবনে যখনই কোনো দায়িত্ব পেয়েছি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করেছি। একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে সব সময় আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কখনো হেরেছি। কখনো জিতেছি। ২০২১-এ আমার রাজনৈতিক জীবনে পদার্পণ। মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। পাঁচ বছর ধরে সেই ভাবেই বিধায়কের দায়িত্ব পালন করার চেষ্টা করে গিয়েছি। সেই অধ্যায় শেষ হলো ২০২৬-এ। সঙ্গে শেষ হলো আমার রাজনৈতিক জীবনের পথচলা।” একই সঙ্গে নির্বাচনে জয়ী দল বিজেপিকে শুভেচ্ছাও জানিয়েছেন রাজ।

রাজ আরও লিখেছেন, “বাংলার মানুষের মতামতে নতুন সরকার এসেছে। ৯ মে ২০২৬-এ তাঁরা শপথ নেবেন। তাঁদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করব, আপনাদের হাত ধরে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে উন্নতির পথে। মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।”

ভোটের সময় ব্যারাকপুরে রাজের রোড শো ঘিরে ছিল ব্যাপক উন্মাদনা, কিন্তু ফল ঘোষণার দিন গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময় ওঠে ‘চোর চোর’ স্লোগান। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে কাদা ও ঘুঁটেও ছোড়া হয়। পরে এ ঘটনা নিয়ে রাজ প্রতিক্রিয়া জানাননি।

আনন্দবাজার অবলম্বনে