বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য অভিনয়ের দক্ষতায় বিনোদনজগতে নিজের এক অনন্য পরিচয় তৈরি করেছেন। সম্প্রতি তিনি বলিউডে বর্ণবিদ্বেষের প্রভাব নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। তাঁর মতে, এই সমস্যা ইন্ডাস্ট্রির গভীরে নিহিত এবং কাস্টিংয়ে এর ছাপ এখনও স্পষ্ট। তিনি জানিয়েছেন, গায়ের রঙের জন্যই একাধিক প্রকল্প থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি উল্লেখ করেন, রঙভিত্তিক বৈষম্য বিনোদন দুনিয়াতে এখনও রয়ে গেছে।

বলিউড বাবলকে প্রদত্ত এক সাক্ষাৎকারে দিব্যেন্দু বলেছেন, ‘কয়েক দিন আগে আমাকে একটি বিজ্ঞাপনের জন্য নির্বাচিত করা হয়েছিল। চার-পাঁচ দিন ধরে কথাবার্তাও চলছিল। শুটিংয়ের আর মাত্র তিন দিন বাকি ছিল। তখন আমি জানতে চাইলাম, শুটিং হবে কি না। ওরা আমাকে বলল, “না দাদা, আপনাকে রিপ্লেস করা হয়েছে। কারণ, আপনি কালো আর কালো অভিনেতা চাই না।” ঠিক এই ভাষাতেই আমাকে বলা হয়েছিল।’

অভিনেতার মতে, ‘ব্যক্তিগতভাবে এই মন্তব্য আমাকে আঘাত করেনি। কারণ, নিজের পরিচয় নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এটা একটা গভীর সামাজিক সমস্যা। এর শিকড় অনেক গভীরে।’

দিব্যেন্দু আরও বলেন, ‘বিষয়টা শুধু ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ নয়। ছোটবেলা থেকে মানুষকে কীভাবে শেখানো হচ্ছে, তার সঙ্গেও বিষয়টি জড়িয়ে। এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু সহজে বদলানোও যায় না।’

দিব্যেন্দু ভট্টাচার্য জাপান এবং কোরিয়ার উদাহরণ দিয়ে বলেন, ‘ওই দেশগুলোতে শিশুদের ছোটবেলা থেকেই শিক্ষাব্যবস্থার মাধ্যমে শৃঙ্খলা ও সহমর্মিতা শেখানো হয়। কিন্তু ভারতে এই মূল্যবোধ অনেকটাই পারিবারিক শিক্ষার ওপর নির্ভর করে। পরিবারে যদি সেই শিক্ষা দেওয়া হয়, তবেই শিশুর মধ্যে সংস্কার গড়ে ওঠে।’

সম্প্রতি সনি লিভ-এ ‘অদেখা সিজন ৪’-এ দিব্যেন্দু ভট্টাচার্যের অভিনয় দেখা গেছে। আশীষ আর শুক্লা পরিচালিত এই সিরিজে অন্যান্য অভিনেতা হিসেবে ছিলেন হর্ষ ছায়া, সূর্য শর্মা, অঙ্কুর রাঠি ও গৌতম রোডে।