খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় কোদাল দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে একজনের গ্রেপ্তার হয়েছে। নিহতা মাহিনূর আক্তার (২৪)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
মাহিনূর আক্তার মানিকছড়ির পূর্ব গচ্ছাবিল এলাকার আবুল কালামের স্ত্রী। দুই সন্তানের মা ছিলেন তিনি। তার বাবার বাড়িও একই এলাকায়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় পারিবারিক কারণে মাহিনূর ও তার স্বামী আবুল কালামের মধ্যে ঝগড়া হয়। তর্কাতর্কির সময় আবুল কালাম কোদাল দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করে। এতে মাহিনূর নিহত হন।
এ ঘটনায় গতকাল রাতে মানিকছড়ি থানায় মামলা দায়ের করেন মাহিনূরের বাবা আবু তাহের। মামলায় আবুল কালাম ও শাশুড়ি খদিজা বেগমকে আসামি করা হয়েছে। আবু তাহের বলেন, ‘আমার মেয়েকে তার স্বামী ও শাশুড়ি মিলে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় স্বামী আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে।’






