রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফেদেরিকো ভালভের্দে ও অরেলিয়েঁ চুয়ামেনির মধ্যে হাতাহাতি হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনায় ভালভের্দেকে হাসপাতালে নিয়ে যেতে হয়। শৃঙ্খলাভঙ্গের জন্য দুই মিডফিল্ডারকেই শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

রিয়াল মাদ্রিদের বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ সকালে প্রথম দলের অনুশীলন চলাকালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে খেলোয়াড় ফেদেরিকো ভালভের্দে ও অরেলিয়েঁ চুয়ামেনির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।’

ভালভের্দে মাথায় আঘাত পেয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, সুস্থ হয়ে উঠতে তাঁকে ১০ থেকে ১৪ দিন বিশ্রামে থাকতে হবে। ফলে বাংলাদেশ সময় আগামী রোববার রাতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ‘এল ক্লাসিকো’য় খেলতে পারবেন না এই উরুগুয়ে তারকা। এই ম্যাচ জিতলে লিগ শিরোপা জয় নিশ্চিত হবে বার্সার।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাংলাদেশ সময় গতকাল রাতে ঘটনা নিয়ে ভালভের্দে বিবৃতি দেন, ‘অনুশীলনে আমার ও এক সতীর্থের মধ্যে একটি ঘটনা ঘটে। প্রতিযোগিতার চাপ আর ক্লান্তি থেকেই আসলে ছোট বিষয়টি বড় হয়ে গিয়েছিল। ড্রেসিংরুমগুলোতে এমন ঘটনা অহরহ ঘটে এবং তা নিজেদের মধ্যেই সমাধান হয়ে যায়। কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, কেউ একজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে খবরটি দ্রুত ছড়িয়ে দিচ্ছে। যেহেতু রিয়াল মাদ্রিদ এখন শিরোপাশূন্য মৌসুম পার করছে এবং সব সময় আতশি কাচের নিচে থাকে, তাই তিলকে তাল করা হচ্ছে।’

বিবৃতিতে ভালভের্দে আরও বলেন, ‘আজ আমাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। তর্কের এক পর্যায়ে অসাবধানতাবশত একটি টেবিলের কোনায় আমার মাথায় আঘাত লাগে। এতে কপালে সামান্য কেটে যাওয়ায় নিয়ম মেনে হাসপাতালে যেতে হয়। আমার সতীর্থ আমাকে কখনোই আঘাত করেনি, আমিও তাকে মারিনি। তবে আমি বুঝতে পারছি, আমাদের মধ্যে হাতাহাতি হয়েছে বা এটা উদ্দেশ্যপ্রণোদিত ছিল—এমনটা বিশ্বাস করা আপনাদের জন্য অনেক সহজ। কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি।’

ভালভের্দে দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি দুঃখিত, আমি সত্যিই দুঃখিত। কারণ, এ পরিস্থিতি আমাকে কষ্ট দিচ্ছে, আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তা–ও আমাকে কষ্ট দিচ্ছে। আমার জীবনে রিয়াল মাদ্রিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি, আর এই ক্লাবের কোনো কিছুর প্রতিই আমি উদাসীন থাকতে পারি না।’

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভালভের্দেকে মাদ্রিদের ভালদেবেবাস অনুশীলন কমপ্লেক্সের কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হয়। তাঁর সঙ্গে ছিলেন রিয়ালের কোচ আলভারো আরবেলোয়া। ভালভের্দের মুখে সেলাই দিতে হয়েছে। তবে রিয়ালের পক্ষ থেকে জানানো হয়, মাথায় চোট পেলেও এখন ‘ভালো অবস্থা’য় আছেন তিনি।

সংবাদমাধ্যমের দাবি, গত বুধবার থেকে দুই খেলোয়াড়ের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। বৃহস্পতিবারের অনুশীলনে এর রেশ থেকে যায়। ‘মার্কা’ জানিয়েছে, ফরাসি মিডফিল্ডার চুয়ামেনি ঘুষি মারেননি, তর্কের সময় অসাবধানতাবশত ভালভের্দে চোট পান।

বিষয়টি নিয়ে রিয়াল মাদ্রিদ বা খেলোয়াড়দের এজেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে শোনা যাচ্ছে, অনুশীলনের সময় চুয়ামেনির সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান ভালভের্দে। পরে ড্রেসিংরুমে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

টানা দ্বিতীয় মৌসুম বড় কোনো শিরোপা না জেতার শঙ্কায় রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে এখন চরম উত্তেজনা। লা লিগায় বর্তমানে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে রিয়াল। ৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল। লিগে দুই দলই আর চারটি করে ম্যাচ খেলবে।