আজ ২৫ বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রজয়ন্তীর এই বিশেষ দিনে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নাটক, গান ও আবৃত্তির অনুষ্ঠান প্রচারিত হবে।
বিটিভিতে সকাল ৯টায় বিশেষ শিশুতোষ অনুষ্ঠান দেখানো হবে। সকাল ১০টা ৫ মিনিটে ‘গীতবিতান’ নামে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান প্রচারিত হবে। সন্ধ্যা ৬টায় বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান, সন্ধ্যা ৭টায় বিশেষ আলেখ্যানুষ্ঠান দেখা যাবে। রাত ৯টায় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক ‘সম্পত্তি সমর্পণ’ প্রচারিত হবে। রাত ১০টায় সংবাদের পর বিশেষ রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান দেখানো হবে। এতে কবির বিভিন্ন পর্যায়ের জনপ্রিয় ৯টি গান পরিবেশন করবেন একঝাঁক রবীন্দ্রসংগীতশিল্পী। রাত ১১টায় ‘চিত্রাঙ্গদা’ প্রচারিত হবে।
চ্যানেল আইতে সকাল ৯টা ৪৫ মিনিটে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় ‘তৃতীয় মাত্রা’—‘রবীন্দ্রনাথ প্রজন্ম থেকে প্রজন্মে’ বিশেষ অনুষ্ঠান দেখা যাবে। অতিথি থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, দীপ্তি চৌধুরী ও নুসরাত সায়েম। বেলা ৩টা ৫ মিনিটে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে অরুণ চৌধুরীর পরিচালনায় টেলিফিল্ম ‘স্ত্রীর চিঠি’ প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন সামিয়া অথৈ, আরেফিন জিলানী, নুর আলম নয়ন, সুচনা শিকদার, বিমল ব্যানার্জি।
সন্ধ্যা ৬টায় শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ প্রামাণ্য প্রতিবেদন ‘ডার্টিংটনে রবীন্দ্রনাথ’ দেখানো হবে। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সোহেল রানার পরিচালনা ও রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় বিশেষ সংগীতানুষ্ঠান ‘আশা পুরাও তুমি এসো কাছে’ প্রচারিত হবে।
দীপ্ত টিভিতে সকাল ৮টায় সরাসরি গানের অনুষ্ঠান ‘দীপ্ত প্রভাতি’ রয়েছে। এতে অংশ নেবেন স্বপ্নীল সজীব ও সামিউল ইসলাম।
দুরন্ত টিভিতে সকাল ৭টায় শিশুদেন নিয়ে ‘তাসের দেশ’ প্রচারিত হবে। সকাল ৯টায় নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’, সকাল ৯টা ৩০ মিনিটে এবং বিকেল ৪টা ৩০ মিনিটে কবিগুরুর গান নিয়ে ‘মেঘের কোলে রোদ হেসেছে’ দেখা যাবে। রাত ১০টায় স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মাধো’ ও ‘ডাকঘর’ প্রচারিত হবে।






