ভারতের সাবেক ক্রিকেটার ও নির্বাচক সলিল আঙ্কোলা পুনের একটি পুনর্বাসনকেন্দ্রে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। তিনি তীব্র বিষণ্নতায় ভুগছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সলিলের এই পদক্ষেপ নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী রিয়া।

৫৮ বছর বয়সী সলিল ১৯৮৯ থেকে ১৯৯৭ সালের মধ্যে ভারত জাতীয় দলের হয়ে একটি টেস্ট এবং ২০টি ওয়ানডে খেলেছিলেন। সর্বশেষ ২০২৪ সালে তিনি ছিলেন ভারতের নির্বাচক।

রিয়া আঙ্কোলা জানান, ২০২৪ সালের অক্টোবরে সলিলের মা মারা যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মায়ের শোক সামলাতে না পেরে ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। রিয়া টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “সলিল যখন বুঝতে পারলেন তিনি মানসিকভাবে ভেঙে পড়ছেন এবং বারবার অসুস্থ হচ্ছেন, তখন নিজেই একটি ভালো জায়গায় শান্তিপূর্ণ পরিবেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।”

পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই সলিল পুনর্বাসনকেন্দ্রে যাওয়ায় পরিবার খুশি। বর্তমানে তিনি সুস্থতার দিকে এগোচ্ছেন এবং নিয়মিত শরীরচর্চা করছেন। রিয়া বলেন, “ক্রিকেট তার প্রথম ভালোবাসা, সেখানেই ফিরবে সে। একজন লড়াকু মানসিকতার মানুষ হিসেবে ওর মধ্যে ঘুরে দাঁড়ানোর প্রবণতা আছে। আমরা পরিবারের সদস্য ও তার বন্ধুরা পাশে আছে।”

১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে শচীন টেন্ডুলকারের সঙ্গে একই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সলিল আঙ্কোলার। বাঁ পায়ের হাড় বা ‘শিন’-এ টিউমার ধরা পড়ায় মাত্র ২৯ বছর বয়সেই ক্রিকেট ত্যাগ করতে হয় তাঁকে। ভারতের ঘরোয়া ক্রিকেটে মুম্বাই ও মহারাষ্ট্রের হয়ে ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে ১৮১ উইকেট নিয়েছেন তিনি।

খেলা ছাড়ার পর সলিল কয়েকটি চলচ্চিত্র ও টিভি সিরিয়ালে অভিনয় করেন। ক্রিকেটে ব্যস্ত থাকেন আইপিএল ধারাভাষ্যের পাশাপাশি। ২০২১-২৩ মেয়াদে ছিলেন মুম্বাইয়ের প্রধান নির্বাচক এবং পরে জাতীয় দলের নির্বাচক হন।