বাংলাদেশ সরকারের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিভা অন্বেষণ ২০২৬ প্রতিযোগিতায় গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীরা চমৎকার সাফল্য অর্জন করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দক্ষ ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যে নিয়োজিত এই প্রতিযোগিতায় নিয়ামতপুর উপজেলার বাছাই প্রক্রিয়া শেষে বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী ফুটবল, ক্রিকেট, কাবাডি ও অ্যাথলেটস ইভেন্টে জেলা পর্যায়ে খেলার জন্য নির্বাচিত হয়েছে।
দেশের ক্রীড়াঙ্গনে যুগান্তকারী পরিবর্তন আনার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গত ০২ মে,২০২৬ তারিখে সারা দেশে একসঙ্গে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। ১২ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকাদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, ব্যাডমিন্টন, অ্যাথলেটস, সাঁতার ও মার্শাল আর্ট—এই আটটি ইভেন্ট রয়েছে। নিয়ম অনুসারে, একজন প্রতিযোগী সর্বোচ্চ দুইটি ইভেন্টে অংশ নিতে পারেন।
গত ১৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে নিবন্ধন হয়েছে। নিয়ামতপুর উপজেলা থেকে মোট ৫৯৭ জন শিক্ষার্থী ৮টি ইভেন্টে রেজিস্ট্রেশন করে। এর মধ্যে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার ৩১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। গত ২৯ ও ৩০ এপ্রিল উপজেলা পর্যায়ে কঠোর বাছাইয়ের মাধ্যমে জেলা পর্যায়ের জন্য সেরাদের নির্বাচন করা হয়।
এই বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়ে আলোর পাঠশালার মোট ১৭ জন শিক্ষার্থী জেলা পর্যায়ে নাম লিখিয়েছে।
উদ্বোধনীর দিন (০২ মে) নিয়ামতপুর উপজেলা বনাম সদর নওগাঁ উপজেলার মধ্যে ফুটবল ম্যাচ হয়। এতে নৈপুণ্যপূর্ণ খেলা দেখিয়ে নিয়ামতপুর দলের ৩ জন বালিকা নওগাঁ জেলা দলের হয়ে খেলার সুযোগ পান। এদের মধ্যে ২ জন—প্রমিতা টুডু ও জুঁই দাস—গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার নিয়মিত শিক্ষার্থী।
পরবর্তীতে ৫ মে কাবাডি এবং ৬ মে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর বনাম পোরশা উপজেলার ক্রিকেট ম্যাচে নিয়ামতপুর উপজেলা জয়লাভ করে। আগামী ৯ মে অ্যাথলেটস ইভেন্টে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।






