পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার পর রাজনৈতিক পরিবর্তনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে এগোচ্ছে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যজুড়ে উত্তেজনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ গতকাল বুধবার রাতে খুন হয়েছেন। চন্দ্রনাথের বাড়ি পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাড়ির কাছে। চন্দ্রনাথ বিজেপি নেতা শুভেন্দুর আপ্তসহায়ক হিসেবে তাঁর ছায়াসঙ্গী হিসেবে থাকতেন।
এই ঘটনার প্রসঙ্গ তুলে ধরে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে অভিনেতা লিখেছেন, ‘চন্দ্রনাথ রথের হত্যা ভয়াবহ। ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষের প্রাণ যায় বারবার। অকারণ! এই হত্যার বিচার হোক অবিলম্বে। এই সময়টা খুব কঠিন, বিপজ্জনক, রাজ্যের কাছে এখনো আইনি রাস্তায় হাঁটার উপায় আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার রাজ্যে আইনশৃঙ্খলার বিসর্জন ঘটেছে বহু বছর আগেই। এখানে মানুষের অধিকারের সব নিয়ম লঙ্ঘন করে পার পেয়ে যাওয়া যায়। এখানে আমাদের প্রয়োগ করা শব্দগুলো কাজ করে গুলির মতো। তাই আপনাদের সবাইকে একজন সহনাগরিক হিসেবে আমার অনুরোধ, এই সময়ে আমাদের একটাই দায়িত্ব, হিংসা আর ঘৃণায় ভরা নিজেদের অভিব্যক্তির বহিঃপ্রকাশকে সংযত করা, দায়িত্বশীল হওয়া।’
ঋদ্ধি আরও লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঘৃণা উসকে দেওয়া কথা বুলেটের মতোই ভয়ংকর। পরিস্থিতির সুস্থতা বজায় রাখার দায়িত্ব আমাদের সবার। ঘৃণার বার্তা ছড়াতে দেখলে প্রতিবাদ করুন। ফেসবুকে আদালত বসানো থেকে নিজেদের বিরত রাখুন। আইন ব্যবস্থাকে, প্রশাসনকে নিজের কাজ করতে দিন। প্রতিবাদের ভাষা হিংসার বিরুদ্ধে হোক, হিংসার পক্ষে নয়।’ অভিনেতার এই মন্তব্যে অনেকে একমত হয়েছেন। অনেকে এমন সময়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোস্ট করায় তাকে ধন্যবাদ জানিয়েছেন।






