জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলাম এবং তাঁর স্বামী মো. আখতার হোসেনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ জারি করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন মুক্তকণ্ঠকে তথ্যটি নিশ্চিত করেন।
দুদকের পক্ষে আবেদন করেন মামলার তদন্তকারী ও সংস্থার সহকারী পরিচালক খোরশেদ আলম।
আবেদনে উল্লেখ করা হয়েছে, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং তাঁর স্বামী, ছেলে ও তৃতীয় পক্ষের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ-বাণিজ্যের অভিযোগ তদন্তাধীন। এ সংক্রান্তে দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেনসহ দুই সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, ফারজানা ইসলাম ও তাঁর স্বামী আখতার হোসেন বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ গোপন করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য তাঁদের আয়কর নথি জব্দ জরুরি।
এর আগে গত ফেব্রুয়ারিতে ফারজানা ইসলাম, তাঁর স্বামী আখতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।






