বগুড়াকে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি চালুর লক্ষ্যে বগুড়া বিমানবন্দর পরিদর্শন করেছেন সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা এমপির নেতৃত্বে প্রতিনিধি দলটি বগুড়া বিমানবন্দরে পৌঁছান। এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
প্রতিনিধিদলকে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার সম্ভাবনা, অবকাঠামোগত সক্ষমতা, পাইলট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং কার্গো পরিবহন সুবিধা চালুর বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
এ সফরে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, বগুড়া বিমানবন্দর চালু ও আধুনিকায়নের উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।






