রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় একটি সেচঘর থেকে কৃষক মফিজার রহমানের পা বাঁধা রক্তাক্ত মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাটি জানাজানি হয়।

পরিবার ও স্থানীয় লোকজনের জানানো মতে, নিহত মফিজার রহমান রাতে নিজেদের বিএডিসির সেচ ট্রান্সমিটার পাহারার দায়িত্বে ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রতিদিনের মতো গতকাল বুধবার তিনি উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর মাঠে সেচঘরে পাহারা দিতে যান। আজ সকালে ওই এলাকার শহিদুল ইসলাম নামের এক কৃষক গরু নিয়ে মাঠে যাওয়ার সময় সেচঘরের দরজা খোলা ও ট্রান্সমিটার খোলা অবস্থায় দেখতে পান। ভেতরে গিয়ে তিনি মফিজারের পা বাঁধা রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন এবং চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন।

স্থানীয় মানুষের ধারণা, গভীর রাতে সেচের ট্রান্সমিটার চুরি করতে এসে বাধা পেয়ে দুর্বৃত্তরা মফিজার রহমানকে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, “উমরপুর এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা কাজ করছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”