দেশের বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যে নতুন মাইলফলক গড়েছে। প্রথমবারের মতো এক মাসে ১০০ কোটি (১ বিলিয়ন) মার্কিন ডলারের বেশি বৈদেশিক বাণিজ্য সম্পন্ন করেছে ব্যাংকটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক জানায়, শক্তিশালী বৈদেশিক মুদ্রা সক্ষমতা এবং গ্রাহকসেবায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এই সাফল্য অর্জিত হয়েছে।
রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এই অর্জন উদযাপন করা হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভাবনী করপোরেট ব্যাংকিং কৌশল এবং ‘ওয়ান-স্টপ ট্রেড সার্ভিস’ মডেল গ্রাহকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। বৈদেশিক মুদ্রার পর্যাপ্ত তারল্য এবং দ্রুত সেবা নিশ্চিত করায় আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যাংকটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন ইকবাল, উপব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং প্রধান মো. আসিফ বিন ইদ্রিস, উপব্যবস্থাপনা পরিচালক ও অপারেশনস প্রধান মো. মুনিরুজ্জামান মোল্যা এবং ট্রানজেকশন ব্যাংকিং প্রধান এ কে এম ফয়সাল হালিম।
এই মাইলফলক নিয়ে ব্র্যাক ব্যাংকের এমডি তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এক মাসে ১০০ কোটি ডলারের বেশি আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন করা গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। আমাদের লক্ষ্য হলো গতি ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার মাধ্যমে দেশের সবচেয়ে পছন্দের ট্রেড ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।”
উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক প্রধান কার্যালয়ে একটি বিশেষায়িত 'ক্লায়েন্ট সার্ভিস ইউনিট' পরিচালনা করছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের শুরু থেকে শেষ পর্যন্ত গ্রাহকদের সব ধরনের সেবা দ্রুত ও ঝামেলাহীনভাবে দেওয়া হচ্ছে।






