রাজধানীর কদমতলীতে ভাড়া বাসা থেকে শারমিন আক্তার (২৭) নামের এক নারী আনসার সদস্যের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মুশাহিদুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, জুরাইন কমিশনার রোড এলাকার একটি ভবনের চতুর্থ তলার পূর্ব পাশের ফ্ল্যাটে স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন বসবাস করতেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে রোববার বিকেলে ঘটনাস্থলে যান তাঁরা। এ সময় দেখা যায়, কক্ষটির দরজায় বাইরে থেকে তালা দেওয়া। ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। পরে আশপাশের লোকজনের উপস্থিতিতে তালা ভেঙে ভেতরে ঢুকে মেঝেতে পচাগলা অবস্থায় শারমিনের মরদেহ পাওয়া যায়।

এসআই মুশাহিদুল ইসলাম বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে কাটা জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে বাইরে থেকে তালা লাগিয়ে চলে গেছে হত্যাকারী।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে ওই নারীর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কক্ষ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে, যা থেকে জানা যায়, নিহত শারমিন একজন আনসার সদস্য ছিলেন।

নিহতের পারিবারিক ঠিকানা শ্যামপুরের পূর্ব ধোলাইপাড় এলাকায়। তাঁর বাবার নাম মৃত শাহআলম হাওলাদার।

বাড়ির মালিক আঞ্জুয়ারা ডলি পুলিশকে জানান, দম্পতি পরিচয়ে তাঁরা সাত থেকে আট মাস ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। তবে স্বামীর নাম তাঁর জানা নেই।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।