জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম তুলেছিলেন সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। তবে মনোনয়ন পাননি তিনি।

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে এক ফেসবুক পোস্টে কনকচাঁপা লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ।’

পরে আরেক পোস্টে বিষয়টি ব্যাখ্যা করেছেন কনকচাঁপা। তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। জীবনের যেকোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফয়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনো নমিনেশন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়। গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করল না। তবু বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেল না।’

.২০১৮ সালের নির্বাচনে আমি জীবন হাতে নিয়ে কাজ করেছি: কনকচাঁপা.

কনকচাঁপা লিখেছেন, ‘আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন, আশা করি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে। ইনশা আল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি না–ও পারি, মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারব নিশ্চয়ই। আমার জন্য দোয়া করবেন।’

.যারা জাতীয় নির্বাচনে চায়নি আমি মনোনয়ন পাই, তারা এখনো অপচেষ্টায় লিপ্ত: কনকচাঁপা.

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সেলিমা রহমান, নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইসলাম তুলিসহ ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি। তালিকায় কনকচাঁপাসহ শোবিজ অঙ্গনের কেউ নেই।