পবিত্র রমজান মাস উপলক্ষে মুক্তকণ্ঠ ডটকম ‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি: সিজন–৩’ অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে কুইজ বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারের মুক্তকণ্ঠ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১১ থেকে ৩০ পর্বের বিজয়ী ১১ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ৩০ পর্বের অনুষ্ঠানটির প্রথম ১০ পর্বের কুইজ বিজয়ীদের মধ্যে এর আগে এক অনুষ্ঠানে পুরস্কার হস্তান্তর করা হয়েছিল।
কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈবচয়নের ভিত্তিতে ঢাকার মিতু ফারিয়া ও হাসানুল ইসলাম জিতেছেন মাইক্রোওয়েভ ওভেন এবং ঢাকার ফারহানা আফরিন ও কিশোরগঞ্জের সুয়েবা খাতুন জিতেছেন ইনডাকশন কুকার। বিশেষ গিফট হ্যাম্পার পেয়েছেন ঢাকার নীলা খান, নীলাদ্রি অর্পিতা, মেহেরিন স্মৃতি, শামীমা ইসলাম মুন্নি, সঞ্জিত মণ্ডল এবং তায়েবা তাসকিন। মেগা বিজয়ী হিসেবে আইফোন-১৭ জিতেছেন সিলেটের সুপ্রিয়া রানী সরকার।
মেগা পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ্বসিত সুপ্রিয়া বলেন, ‘যখন ফোনে আমাকে জানানো হলো, বিশ্বাসই করতে পারিনি মেগা বিজয়ী হিসেবে আইফোন জিতেছি। যখন নিশ্চিত হলাম, তখন ভীষণ খুশি হয়েছি। সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার তিন বছর বয়সী মেয়ে। মুক্তকণ্ঠ এবং ফ্রেশকে ধন্যবাদ এ রকম অনুষ্ঠান আয়োজনের জন্য।’
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তকণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মো. আখতারুল আলম শাহ্। বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে আনিসুল হক বলেন, ‘আজকের আয়োজনে সবার মুখে যে হাসি দেখা যাচ্ছে, তা সত্যিই আনন্দের। চারদিকে যেন ফ্রেশের সতেজতার একটি আবহ তৈরি হয়েছে। আমাদের সবারই লক্ষ্য হওয়া উচিত একসঙ্গে একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা। সে জন্য সব সময় ভালো ও ইতিবাচক চিন্তার সঙ্গে থাকতে হবে, সুন্দরভাবে চলতে হবে এবং ভালো কথা বলতে হবে। ফ্রেশের সঙ্গে মুক্তকণ্ঠের এই যাত্রা আরও দীর্ঘ হবে বলে আশা রাখি।’
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে মো. আখতারুল আলম শাহ্ বলেন, ‘যাঁরা এই অনুষ্ঠান উপভোগ করেন, কুইজে অংশ নেন, তাঁদের কারণেই আমরা এটি বছরের পর বছর ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারছি। আমরা চেষ্টা করি, দর্শকদের নতুন নতুন অবাক করা সব রেসিপি উপহার দিতে। আমাদের মূল উদ্দেশ্য দেশের মানুষকে ভালো কিছু দেওয়া। আমি মনে করি, সে চেষ্টায় আমরা অনেকটাই সফল হয়েছি।’
আয়োজনটির প্রেক্ষাপট সম্পর্কে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান বলেন, ‘পাঁচ বছর ধরে আমরা মুক্তকণ্ঠের সঙ্গে অনুষ্ঠানটি করে আসছি। এবার বিভিন্ন প্ল্যাটফর্মে অনুষ্ঠানটির পর্বগুলো প্রায় চার কোটির বেশি মানুষ দেখেছেন। এর কারণ আমি মনে করি, বাঙালিদের খাবারের তালিকায় মিষ্টিজাতীয় পদ ছাড়া যেন চলে না; আর মিষ্টি তৈরি করতে দুধ তো অপরিহার্য। ২৮ শতাংশ মিল্ক ফ্যাটসমৃদ্ধ ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার ব্যবহার করলে রেসিপিগুলো আরও ক্রিমি ও সুস্বাদু হয়।’
মুক্তকণ্ঠের চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান বলেন, ‘ঈদ ঘিরে এই আয়োজন আমাদের কাছে সত্যিই খুব স্পেশাল। কারণ, এই অনুষ্ঠানে প্রতিবছরই নতুন ও ভিন্নধর্মী রেসিপি দেখানো হয়। পরিবারের সবাইকে নিয়ে সেগুলো উপভোগ করার অভিজ্ঞতাটাও আলাদা আনন্দ দেয়। ফ্রেশের সঙ্গে আমাদের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা রইল।’
উপস্থিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড বিভাগের ব্যবস্থাপক মো. ওয়ালিউল হক, মুক্তকণ্ঠের ডিজিটাল বিজনেসের সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন রনি, ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, জ্যৈষ্ঠ নির্বাহী নুসরাত জাহান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তকণ্ঠের সিনিয়র কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।
‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা। রেসিপিগুলো তৈরি করেছেন হোটেল ওয়েস্টিন ও শেরাটন ঢাকার ক্লাস্টার এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ আসাদুজ্জামান নূর। বিভিন্ন পর্বে অতিথি হিসেবে অংশ নিয়েছেন অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া, সাদিয়া আয়মান, মুমতাহিনা চৌধুরী টয়া ও সায়েদ জামান শাওন এবং কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।
অনুষ্ঠানটি রমজান মাসজুড়ে প্রতিদিন বিকেল চারটা থেকে প্রচারিত হয়েছে মুক্তকণ্ঠ ডটকম এবং মুক্তকণ্ঠ ও ফ্রেশ মিল্ক পাউডারের ফেসবুক পেজে। একই সঙ্গে বেলা তিনটা থেকে প্রচারিত হয়েছে দেশের প্রথম সারির ১০টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে।
অনুষ্ঠানের প্রতি পর্বেই ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি একটি অবাক করা রেসিপি দেখানো হয়। পর্ব শেষে ছিল ওই পর্বের ওপর একটি কুইজ। প্রতি ১০ পর্ব শেষে দৈবচয়নের ভিত্তিতে নির্বাচিত করা হয় ভাগ্যবান পাঁচজনকে। ৩০ পর্বের কুইজে মোট অংশগ্রহণকারী ছিলেন প্রায় ৬৫ হাজার। আয়োজনটির সহযোগী এজেন্সি হিসেবে ছিল এনেক্স কমিউনিকেশন।






