বৈশাখী উৎসবে প্রচণ্ড গরম, ঘাম ও আর্দ্রতার মুখোমুখি হয়ে সাজগোজ টিকিয়ে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সকালের যত্ন সত্ত্বেও দুপুর নাগাদ মেকআপ নিস্তেজ হয়ে যায়। হারমনি বিউটি স্পা অ্যান্ড স্যালনের রূপচর্চাবিশারদ রাহিমা সুলতানা জানালেন, পয়লা বৈশাখে দিনের বেলায় মেকআপ দীর্ঘস্থায়ী করার কৌশল।

গরমে মেকআপ টিকিয়ে রাখার প্রথম ধাপ ত্বককে আগে থেকে ঠান্ডা ও শান্ত করা। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে মেকআপের আগে বরফ ব্যবহার অত্যন্ত কার্যকর, বলছিলেন রাহিমা সুলতানা। পরিষ্কার নরম কাপড়ে কয়েকটা বরফের টুকরো নিয়ে মুখে হালকা চাপ দিয়ে ধীরে মালিশ করুন। এতে রোমকূপ টাইট হয়, অতিরিক্ত তেল কমে, ত্বকে মসৃণ শুষ্ক বেজ তৈরি হয়। বরফ ত্বককে তাৎক্ষণিক সতেজ করে মেকআপ আরও মসৃণ করে এবং লালচে ভাব বা প্রদাহ কমায়।

মেকআপের আগে ত্বক গভীরভাবে পরিষ্কার ও প্রস্তুত করা অত্যন্ত জরুরি। এসময় মুলতানি মাটি ও টক দইয়ের ফেসপ্যাক সেরা সাহায্যকারী। মুলতানি মাটি অতিরিক্ত তেল শোষণ করে, রোমকূপ পরিষ্কার রাখে এবং ত্বক ঠান্ডা করে। টক দই ত্বক আর্দ্র-মোলায়েম করে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয়। দুটো মিশিয়ে নরম পেস্ট তৈরি করুন, মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অনেকে মেকআপের আগে প্রাইমারকে উপেক্ষা করেন, কিন্তু এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। প্রাইমার ত্বক ও মেকআপের মাঝে সুরক্ষা আস্তরণ তৈরি করে মেকআপ নষ্ট হওয়া রোধ করে। পয়লা বৈশাখের গরম-আর্দ্রতায় তেলবিহীন প্রাইমার ব্যবহার করলে তেল নিয়ন্ত্রণে থাকে। এটি রোমকূপ ঢেকে বলিরেখা কমায় এবং মেকআপ সুন্দরভাবে বসতে সাহায্য করে।

বৈশাখী সাজে হালকা ও আরামদায়ক থাকাই সবচেয়ে ভালো। ভারী ফাউন্ডেশন বা একাধিক আস্তরণ গরমে দ্রুত নষ্ট হয়ে ত্বক অপরিষ্কার করে। ‘কমই ভালো’ নীতি অনুসরণ করুন, বলছিলেন রাহিমা সুলতানা। হালকা কভারেজের জন্য টিন্টেড ময়েশ্চারাইজার, বিবি ক্রিম বা স্কিন টিন্ট ব্যবহার করুন– এতে ত্বক শ্বাস নেয় এবং ন্যাচারাল লুক পায়। ক্রিম ব্লাশ বা টিন্ট ঘামেও উঠে না। চোখে ওয়াটারপ্রুফ কাজল-মাসকারা, ঠোঁটে লিপটিন্ট বা লাইটওয়েট লিপস্টিক বেছে নিন।

মেকআপ শেষে সেটিংস না করলে সব পরিশ্রম নষ্ট। প্রথমে হালকা সেটিংস পাউডার দিয়ে নাক-কপালের টি-জোন সেট করুন, কারণ এখানে তেল বেশি জমে। তারপর ভালো সেটিংস স্প্রে ছিটিয়ে নিন। এটি মেকআপকে ত্বকের সঙ্গে মিশিয়ে সুরক্ষা স্তর তৈরি করে, ঘাম-আর্দ্রতার প্রভাব কমায়। ফলে মেকআপ দীর্ঘক্ষণ টিকে সতেজ-ঝলমলে থাকে।

বাইরের যত্নের পাশাপাশি ভেতর থেকে ত্বক আর্দ্র রাখুন। গরমে পর্যাপ্ত পানি পান করলে ত্বক শুষ্ক হয় না, মেকআপ ভালো বসে। তেলবিহীন হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করলে মেকআপ নষ্ট হওয়া রোধ হয়।