পেশোয়ার জালমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুরোধ জানিয়েছিল শরীফুল ইসলাম ও নাহিদ রানাকে একদিন বেশি ধরে রাখার জন্য। আজ করাচির মাঠে মুলতান সুলতানসের বিরুদ্ধে ২৪ রানের জয়ে তারা কারণটি প্রমাণ করে দিয়েছেন। বাংলাদেশের এই দুই পেসারই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ফাস্ট বোলার নাহিদ রানা ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। বাঁহাতি পেসার শরীফুল ইসলাম উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৭ রান খরচ করেছেন। টুর্নামেন্টে ৪ ম্যাচে নাহিদ ৭ উইকেট নিয়েছেন, ওভারপ্রতি গড়ে ৫.৪২ রান দিয়েছেন। এক ম্যাচ বেশি খেলা শরীফুল ২ উইকেট পেয়েছেন, ওভারপ্রতি ৭.৯৩ রান দিয়েছেন। আগামীকালই দেশে ফেরার কথা তাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে দুজনেই আছেন।

টসে হেরে ব্যাটিং করে পেশোয়ার ৬ উইকেটে ১৯৬ রান তুলেছে। ৪০ বলে সর্বোচ্চ ৬৮ রান করেছেন শ্রীলঙ্কান উইকেটকিপার কুশল মেন্ডিস। এছাড়া ওপেনার মোহাম্মদ হারিস ১৭ বলে ৩৮ রান করেছেন।

রান তাড়ায় মুলতান ৮ উইকেটে ১৭২ রানে আটকে যায়। সর্বোচ্চ ১৯ বলে ৩৫ রান শান মাসুদের। পেশোয়ারের বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন।

৬ ম্যাচে অপরাজিত পেশোয়ার ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মুলতান দ্বিতীয়।