১৩ এপ্রিল পয়লা বৈশাখের একদিন আগে রাজধানীর বনানী মডেল টাউনে উইমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ‘এসো হে বৈশাখ’ নামে বৈশাখী উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব কনা রেজা।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী ‘বৈশাখী থালা প্রতিযোগিতা’। এতে প্রতিযোগীরা বৈশাখী খাবারের নান্দনিক উপস্থাপনা তুলে ধরেন। একই সঙ্গে গ্রামীণ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য কড়ি, লুডুখেলাসহ বিভিন্ন দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানস্থলে বৈশাখী ঐতিহ্যবাহী খাবারের সমাহার উৎসবের কেন্দ্রবিন্দু ছিল। অতিথিদের জন্য পরিবেশিত হয় বাঙালির প্রিয় সব ঐতিহ্যবাহী খাবার। মিষ্টান্ন ও নাশতায় ছিল নারকেলের নাড়ু, তিলের নাড়ু, হাওয়াই মিঠাই, চিনির খেলনা ও মুরালি। ঐতিহ্যবাহী খাবারের তালিকায় ছিল বাহারি পান্তা, বিভিন্ন ধরনের দেশি মাছ ভাজা, নানা পদের ভর্তা এবং ঐতিহ্যবাহী পিঠাপুলির সমাহার।

প্রধান অতিথির বক্তব্যে কনা রেজা বলেন, “বাঙালির শিকড়ের সংস্কৃতিকে ধরে রাখতে উইমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে আমাদের ঐতিহ্যবাহী খাবার ও খেলাধুলাকে নতুনভাবে উপস্থাপনের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে পারি।”

উইমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজকেরা জানান, নারীদের রন্ধনশৈলীকে পেশাদার প্ল্যাটফর্মে তুলে ধরা এবং দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে বিশ্বদরবারে পরিচিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।