দুপুর গড়িয়ে বেলা দুইটা ছুঁইছুঁই হয়েছে। শহরের অনেক জায়গায় ক্লান্তির ছাপ পড়লেও সাতক্ষীরার শিল্পীপাড়ায় উল্টো চিত্র। এখানে সময় দ্রুত ছুটছে। আঠার গন্ধ, বাঁশের চটার শব্দ, কর্কশিট ও মাটির সরার ভিড়ে রঙের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে চারপাশে। সবকিছুতে পয়লা বৈশাখের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে।

উৎসবের স্বাগত জানাতে স্থানীয় চারু ও মৃৎশিল্পীরা দিনরাত এক করে কাজ করছেন। শহরের মোড় থেকে গুরুত্বপূর্ণ স্থানসব্বার বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি চলছে। বাঁশ ও কাঠের কাঠামোর উপর কাগজের স্তর বসিয়ে ধীরে ধীরে গড়ে উঠছে বিশাল বাঘ, হাতি ও নানা লোকজ মোটিফ। প্রতিটি ছাঁচ ও রঙে গ্রামবাংলার চিরচেনা রূপ ফিরে আসছে।

শহরের প্রাণকেন্দ্র মিনিমার্কেটে শিল্পী রফিকুল ইসলাম তুলির শেষ টান দিচ্ছেন। ক্লান্তি থাকলেও চোখে তৃপ্তির ঝিলিক। তিনি বলেন, কয়েক দিন ধরেই ঘুমহীন সময় কাটছে, তবে আবহাওয়া অনুকূলে থাকায় কাজ এগোচ্ছে দ্রুত। তাঁর কণ্ঠে একধরনের গর্ব—এই শিল্পের ভেতর দিয়েই তিনি তুলে ধরতে চান সাতক্ষীরার ঐতিহ্য।

সেখানেই কণ্ঠশিল্পী চৈতালি মুখার্জীর সঙ্গে কথা হয়। তাঁর কাছে পয়লা বৈশাখ শুধু উৎসব নয়, এটি শিকড়ে ফেরার দিন। এদিনই মনে করিয়ে দেয়, বহু শতাব্দীর পথ পেরিয়েও বাঙালির সম্প্রীতির বন্ধন অটুট আছে। বাঙালি সংস্কৃতি এগিয়ে চলছে। মানুষ শিকড় ভুলে যায় না, ফিরে আসে মাটির টানে।

শোভাযাত্রার প্রস্তুতির জন্য শহরে এসেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম সরঞ্জাম সংগ্রহ করতে এসে বলেন, পয়লা বৈশাখ এমন এক আয়োজন, যেখানে পুরোনো সব ক্লান্তি ঝেড়ে নতুনকে স্বাগত জানানো হয়। এই উৎসব তাই সবার, সব শ্রেণির মানুষের।

শোভাযাত্রার বড় প্রতিকৃতির পাশাপাশি মৃৎপল্লীগুলোতেও ব্যস্ততা। সরাচিত্র, মাটির হাঁড়ি, শিশুদের খেলনা—সবকিছুতে রঙের ছোঁয়া লেগেছে। লাল, নীল, হলুদ, সবুজের মিশ্রণে ফুটে উঠছে মাছ, ফুল ও পাখির নকশা। কারিগরদের হাতে গ্রামীণ জীবনের গল্প জীবন্ত হয়ে উঠছে।

বৈশাখ ঘিরে মাটির গয়নার চাহিদাও বাড়ছে। স্থানীয় এক নারী উদ্যোক্তা পারভিন আক্তার জানান, তরুণীদের পছন্দের তালিকায় এখন এই গয়নাই শীর্ষে। বৈশাখী থিমে তৈরি কানের দুল, নেকলেস, চুড়ির অর্ডার সামলাতে গিয়ে তাঁদের প্রায় বিরামহীন সময় দিতে হচ্ছে।

সব আয়োজনের মাঝে সবচেয়ে বড় অপেক্ষা নতুন সূর্যের। শহরজুড়ে এখন সেই প্রতীক্ষা। শিল্পীদের হাতের ছোঁয়ায়, মানুষের ব্যস্ততায় ও উৎসবের আবহে সাতক্ষীরা যেন ধীরে ধীরে উচ্চারণ করছে ‘এসো হে বৈশাখ’।

সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজন করা হবে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া সাত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হবে। থাকবে লাঠি খেলার আয়োজন। সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, ‘বৈশাখ উপলক্ষে সব প্রস্তুতি প্রায় শেষ। আশা করছি, বৈশাখী অনুষ্ঠান সাতক্ষীরার মানুষ এবার আনন্দঘন পরিবেশে উপভোগ করবে।’