পয়লা বৈশাখ উদযাপনের উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সর্বসাধারণের প্রবেশ এবং যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি করেছে। বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল এবং উদয়ন স্কুল—এই পাঁচটি প্রবেশপথ আজ সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে শাহবাগ ও নীলক্ষেত পথ আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে এবং দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল, উদয়ন স্কুল পথ দুপুর ১২টার পর সকলের জন্য খোলা হবে।
এছাড়া, আজ রাত থেকে ক্যাম্পাসে যানবাহন চলাচলে কড়া নিয়ন্ত্রণ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা নীলক্ষেত ছাড়া উদয়ন স্কুলের সামনে দিয়ে প্রবেশ করতে পারবেন। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে প্রশাসন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন শুধু নীলক্ষেত ও উদয়ন স্কুলের সামনে দিয়ে ক্যাম্পাসে ঢুকবে। জরুরি সেবার যানবাহন—যেমন অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যান—ছাড়া অন্য কোনো যানবাহন ওই সময় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
নববর্ষের দিন বিকেল পাঁচটা থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের প্রবেশ আবার বন্ধ থাকবে। এ সময় বহিরাগতরা ক্যাম্পাস থেকে বের হতে পারবে, কিন্তু প্রবেশ করতে পারবে না। এই নির্দেশনা রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল পাঁচটার মধ্যে ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে সব কার্যক্রম শেষ করতে হবে। এর পর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।






