রাজধানীর কলাবাগানে অনলাইন জুয়ায় আসক্ত এক কলেজ শিক্ষার্থী টাকা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া করে ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। পুলিশের জানানো মতে, মৃতের নাম মো. ফয়সাল মাহমুদ (২১)। রোববার দিবাগত রাতে কলাবাগানের ইস্টার্ন পান্থছায়া নামক বহুতল ভবনে এ ঘটনা ঘটে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে পাশের ভবনের দ্বিতীয় তলার ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষ করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ফয়সাল নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কারিগরি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং প্রতিদিন মায়ের কাছ থেকে টাকা নিয়ে জুয়া খেলতেন।

পুলিশ সূত্র অনুসারে, গত শনিবার রাতে মায়ের কাছে টাকা চাইলে না পেয়ে ফয়সাল ঘরে রাগারাগি করেন। পরদিন রোববার রাত আনুমানিক ৯টার দিকে তিনি মাকে ঘরে আটকে জোর করে টাকা দাবি করেন। না পেয়ে মারতে উদ্যত হলে তাঁর মা আয়েশা হক ভবনের সমিতির লোকজনের সাহায্য চান। তারা এসে তাঁকে উদ্ধার করেন। এরপর ফয়সাল নিজের কক্ষে গিয়ে আগে থেকে খোলা জানালার গ্রিল দিয়ে ১৩ তলা থেকে লাফ দেন। তিনি পাশের ভবনের দ্বিতীয় তলার ছাদে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ফয়সালের বাড়ি চাঁদপুর সদর উপজেলার জোড়া পুকুরপাড় এলাকায়। তিনি মৃত এ কে এম মাহমুদুল হকের ছেলে। পরিবারের সঙ্গে কলাবাগানের ওই ভবনের ১৩ তলার ফ্ল্যাটে তারা থাকতেন।