কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অভিযোগে স্থানীয় লোকজন দুই বাংলাদেশি যুবককে আটক করেন। গতকাল রোববার রাতে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকা থেকে তাঁদের ধরা হয়। পরবর্তীতে তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করা হয়।

আটকদের মধ্যে একজন নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আবদুল গফুরের ছেলে সোলাইমান হোসেন। অন্যজন ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছাকাছি এলাকা দিয়ে তারা ভারতের আসামের ধুবরী জেলার টাকিমারীতে প্রবেশ করে। তখন স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করে বিএসএফ-এর হাতে তুলে দেন। পরে বিএসএফ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-কে আটকের ঘটনা জানায়। আজ সোমবার বেলা দুইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা বিএসএফের কাছে আটক অবস্থায় রয়েছেন।

কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, "দুই বাংলাদেশি আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁদের দেশে ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।"