ঘানার প্রিমিয়ার লিগ ক্লাব বেরেকুম চেলসির ২০ বছর বয়সী উইঙ্গার ডমিনিক ফ্রিমপং সশস্ত্র ডাকাতদের গুলিতে প্রাণ হারিয়েছেন। গত রোববার অ্যাওয়ে ম্যাচ শেষে দলের বাসে হামলার ঘটনায় এই ঘটনা ঘটে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) তথ্যটি নিশ্চিত করেছে।

জিএফএ-র জানানো মতে, দক্ষিণাঞ্চলীয় শহর সামরেবোইয়েতে সামারটেক্সের সঙ্গে ম্যাচ খেলে বেরেকুম চেলসি ফিরছিল। ফেরার পথে গোয়াসো-বিবিয়ানি সড়কে ডাকাতদের কবলে পড়ে খেলোয়াড়দের বাস। সেখানে সন্ত্রাসীদের গুলিতে ফ্রিমপং নিহত হন।

বেরেকুম চেলসির পক্ষ থেকে আজ সোমবার এক বিবৃতিতে বলা হয়, ‘সামরেবোই থেকে বেরেকুমে ফেরার পথে আমাদের দলের বাসটি একদল সশস্ত্র ডাকাত দ্বারা আক্রান্ত হয়। তারা রাস্তা আটকে আমাদের চলাচলে বাধা সৃষ্টি করে। বাসচালক যখন গাড়িটি পেছানোর চেষ্টা করছিলেন, তখন মুখোশধারী একদল লোক বন্দুক ও অ্যাসল্ট রাইফেল নিয়ে বাস লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। জীবন বাঁচাতে খেলোয়াড় ও স্টাফরা পাশের ঝোপঝাড়ে গিয়ে আশ্রয় নেন।’

জিএফএ পরবর্তীতে নিশ্চিত করে যে, এই হামলায় ফ্রিমপং প্রাণ হারিয়েছেন। এক বিবৃতিতে জিএফএ বলেছে, ‘বেরেকুম চেলসি ফুটবল ক্লাবের ডমিনিক ফ্রিমপংয়ের মৃত্যুর মর্মান্তিক সংবাদে আমরা গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। এই বিয়োগান্ত ঘটনা শুধু বেরেকুম চেলসির জন্যই নয়, বরং পুরো ঘানা ফুটবলের জন্য এক বিশাল ক্ষতি। ডমিনিক ছিলেন এক উজ্জ্বল তরুণ প্রতিভা; ফুটবলের প্রতি তাঁর নিষ্ঠা ও আবেগ আমাদের লিগের প্রাণশক্তি হয়ে উঠেছিল।’

জিএফএ আরও জানিয়েছে, ঘরোয়া প্রতিযোগিতার ম্যাচ খেলতে যাতায়াতের সময় ক্লাবগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে। এর আগে ২০২৩ সালেও প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেবার সামারটেক্সের বিপক্ষে ম্যাচ খেলে ফেরার পথে লেগন সিটিসের বাসে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা, তবে সেই ঘটনায় কেউ হতাহত হননি।