পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের খবর বারবার সংবাদের শিরোনামে এসেছে। কখনো রেস্তোরাঁয়, কখনো সমুদ্রপারে তাঁদের ঘনিষ্ঠতা চোখে পড়েছে। গত বছরের অক্টোবর থেকে আর প্রেম লুকিয়ে রাখছেন না এই তারকা যুগল, প্রকাশ্যে দেখা যাচ্ছে তাঁদের। এবার তাঁরা যুক্তরাষ্ট্রের বিখ্যাত কোচেলা সংগীত উৎসবে একসঙ্গে হাজির হয়েছেন।

ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে আলো, সুর ও তারকাদের উপস্থিতিতে প্রতি বছর জমে ওঠে কোচেলা। এবারও তা হয়েছে। তবে উৎসবটি শুধু সংগীত বা পারফরম্যান্স নয়, পপ তারকা কেটি পেরি ও ট্রুডোর অপ্রত্যাশিত জুটির জন্যও আলোচিত হয়েছে।

ক্যালিফোর্নিয়ার উষ্ণ আবহাওয়ায় আয়োজিত এই উৎসবে দুজনকে একসঙ্গে দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালো আলোচনা শুরু হয়। একজন পপসংগীতের গ্ল্যামার জগতে, অন্যজন রাজনীতির ক্ষেত্রে—এই দুই আলাদা জগতের মানুষের মিলন যেন সিনেমার গল্প।

কোচেলায় ভিড়ের মধ্যে হাত ধরে ঘুরে বেড়ানো, খোলা আকাশের নিচে গান শোনা বা হালকা মুহূর্তে একে অপরের সঙ্গে সময় কাটানো—এসব দৃশ্য ভক্তদের জন্য আকর্ষণীয় হয়ে ওঠে। পেরি নিজেই ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও শেয়ার করেন, যেখানে দুজনকে স্বাভাবিক ও নির্ভার ভঙ্গিতে দেখা যায়।

রাতের আরেকটি আকর্ষণ ছিল সংগীত। মঞ্চে তখন পারফর্ম করছিলেন জাস্টিন বিবার, এ বছরের অন্যতম হেডলাইনার। তাঁর গানে তাল মিলিয়ে পেরি ও ট্রুডো নাচতে-গাইতে দেখা যায়। পেরি বিবারের পারফরম্যান্স নিয়ে মজার ছলে একটি মন্তব্যও করেন, যা দ্রুত ভাইরাল হয়।

জাস্টিন ট্রুডো ও মার্কিন গায়িকা কেটি পেরি একসঙ্গে ঘুরলেন জাপানে। এই ঘটনা শুধু এক ‘ডেট নাইট’ নয়, এক নতুন সম্পর্কের ইঙ্গিতও বহন করে। গত বছরের শেষ দিকে তাঁদের সম্পর্কের খবর সামনে আসে। তারপর থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সংযত থাকলেও কোচেলায় তাঁদের উপস্থিতি গোপনীয়তার পর্দা সরিয়ে দেয়।

পেজ সিক্স অবলম্বনে