দীর্ঘদিন ধরে চলা প্রতীক্ষার অবসান ঘটছে। বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা প্রত্যাশিত। সেই দিন অন্যান্য কর্মসূচির সঙ্গে নতুন সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করা হবে বলে জানা গেছে।
বগুড়া থেকে নির্বাচিত বিএনপির একাধিক সংসদ সদস্য এ কথা নিশ্চিত করেছেন। এছাড়া গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে কেন্দ্রীয় বিএনপির ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানানো হয়, ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর উপজেলা) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন মুক্তকণ্ঠকে বলেন, ‘প্রটোকল অফিসার-১ উজ্জল হোসেনের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সফরসূচি হাতে পেয়েছি। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০ এপ্রিল বেলা ১১টায় প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।’
তবে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘২০ এপ্রিল প্রধানমন্ত্রীর বগুড়া সফরের বিষয়টি তাঁর কার্যালয় থেকে নিশ্চিত করা হলেও সিটি করপোরেশন উদ্বোধনের বিষয়টি এখনো সরকারের পক্ষ থেকে অফিশিয়ালি কেউ জানায়নি।’
মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত এক নোটিশে জানা যায়, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণাসহ আটটি উন্নয়ন প্রস্তাব অনুমোদনের জন্য গতকাল রোববার প্রাক-নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সচিব কমিটির সভা হয়। সেখানে বগুড়া সিটি করপোরেশন উন্নীতকরণের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।
এর আগে গত বছর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার নির্দেশনা অনুযায়ী বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এরপর মতামত বা আপত্তি নিষ্পত্তি করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হলেও বিষয়টি এত দিন সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় ছিল।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম গতকাল রোববার রাতে মুক্তকণ্ঠকে বলেন, ‘সোমবার দুই দিনের সফরে বগুড়া যাচ্ছি। বগুড়া সিটি করপোরেশন ঘোষণার বিষয়ে বিস্তারিত জানাব।’






