পয়লা বৈশাখে রাজধানী ঢাকায় নানা আয়োজনের ভিড়ে বর্ষবরণের জায়গা নিয়ে অনেকে দ্বিধায় পড়েন। এই সময় ঢাকায় বর্ষবরণের ৭টি বড় আয়োজনের বিস্তারিত খবর এখানে পাবেন।
যাত্রাবিরতি, বনানী
রাজধানীর বনানীতে যাত্রাবিরতি দুই দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন করেছে। এতে বাউলগান, নাচ, পুতুলনাচের আসর রয়েছে। এছাড়া গ্রামীণ লোকজ মেলা ও ঐতিহ্যবাহী বায়োস্কোপ প্রদর্শনী থাকছে। সোনার বাংলা সার্কাস ব্যান্ড গান গাইবে। ১৩ ও ১৪ এপ্রিল ৫০০ টাকার টিকিট কেটে প্রবেশ করা যাবে।
আলোকি, গুলশান
আর্কা কালেকটিভের আয়োজনে ১৩ ও ১৪ এপ্রিল গুলশান–তেজগাঁও লিংক রোডের ‘আলোকি’তে ‘আর্কা বৈশাখ ১৪৩৩’ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিন বেলা ২টায় শুরু, দ্বিতীয় দিন বেলা ১১টা থেকে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে মুখরিত থাকবে স্থানটি। দুই দিনের আয়োজন চার ভাগে বিভক্ত—মেলা, খেলাঘর, ভোজনালয়, কালেকটিভ মঞ্চ। কার্নিভ্যাল, রকসল্ট ও ফিরোজ জং ব্যান্ড পারফর্ম করবে। প্রতিদিনের টিকিট ৫০০ টাকা, কেনা যাবে ‘আলোকি’র ওয়েবসাইট থেকে।
বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে ‘বৈশাখী মেলা ১৪৩৩’ আয়োজিত হয়েছে। সাত দিনের এই মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী উপকরণ পাওয়া যাবে। ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের পণ্য থেকে বৈশাখী সাজসজ্জা, মাটির পণ্য, নকশিকাঁথা ও গ্রামীণ ঐতিহ্যের সমাহার রয়েছে। ১৪ থেকে ২০ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে মেলা।
কামাল আতাতুর্ক পার্ক, বনানী
নববর্ষ উপলক্ষে ‘রিশকা কানেক্টস’ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। মেলায় নাগরদোলা, বায়োস্কোপ, বৈশাখী ফটোবুথ, বালিশ খেলা, মিউজিক্যাল চেয়ারের মতো খেলা রয়েছে। দুই দিনের আয়োজনে কনসার্টে হাবিব ওয়াহিদ ও রেনেসাঁ, লেভেল ফাইভ, নেমেসিস ব্যান্ড পারফর্ম করছেন। স্ট্যান্ডআপ কমেডিও থাকছে। প্রতিদিন ৩০০ টাকা টিকিটে প্রবেশ সম্ভব।
বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁও
পয়লা বৈশাখের আগেই শুরু হয়েছে এই মেলা। ১২ থেকে ১৮ এপ্রিল বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলবে। মেলায় ৩০০টির বেশি স্টল রয়েছে—দেড়শতের বেশি উদ্যোক্তা স্টল ও ৩০টির বেশি ফুড স্টল। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে নাগরদোলা, বায়োস্কোপ, টিয়া পাখি খেলা, বানর খেলা থাকছে। সাধারণ টিকিট ৩০ টাকা।
শেফস টেবিল কোর্টসাইড, মাদানী অ্যাভিনিউ, ভাটারা
ট্রিপল টাইম কমিউনিকেশনস ও কোর্টসাইডের সম্মিলিত আয়োজনে ১৪ এপ্রিল ‘উৎসবে বৈশাখ’ অনুষ্ঠিত হচ্ছে। এতে আলপনা, পাপেট শো, বাউলগানের আসর, নাগরদোলা, লুডু খেলা রয়েছে। বেলা ৩টা থেকে জমকালো কনসার্ট শুরু হবে। আয়োজনে প্রবেশের টিকিট ২০০ টাকা, কনসার্টে ৮০০ টাকা।
শেফস টেবিল কোর্টসাইড, মাদানী অ্যাভিনিউ, ভাটারা
পয়লা বৈশাখ উপলক্ষে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দের রঙে ‘মুক্তকণ্ঠ বৈশাখী উৎসব’ আয়োজিত হচ্ছে। এতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাতের লেখা প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো, জাদু প্রদর্শন, অরিগ্যামি ও ক্যারিকেচার, পুতুলনাচ, গল্প বলার আসর, টিয়া পাখির চিঠি, নাগরদোলা, দুরন্ত শৈশবের খেলা, কামারপাড়া-কুমারপাড়া, তাঁতিপাড়া ও সাংস্কৃতিক আয়োজন রয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।






