১৯৯৩ সালে ‘বাজিগর’ ছবিতে শাহরুখ খান ও কাজলের সঙ্গে অভিনয় করে আলোচনায় এসেছিলেন শিল্পা শেঠি। ধীরে ধীরে তিনি বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেন নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এই সাফল্য তাঁর কাছে কখনো সহজলভ্য হয়নি।

ইউটিউব চ্যানেল ‘টুমরো, টুডে শো’-তে কথা বলেন শিল্পা। তিনি বলেন, “আমি কাজ পেয়েছি, কারণ মানুষ আমার কঠোর পরিশ্রম দেখেছেন। পরিস্থিতি যা–ই হোক না কেন, আমি আমার কাজ ডেলিভারি করেছি এবং আমি উপস্থিত থেকেছি।” এই কথায় স্পষ্ট হয়, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি পেশাদারিত্বের প্রতি কতটা গুরুত্ব দিয়েছেন।

অভিনেত্রী একটি কঠিন অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। তিনি জানান, শুটিংয়ের সময় একবার তাঁর পিঠ গুরুতরভাবে পুড়ে যায়। ঘটনার স্মৃতি তুলে ধরে শিল্পা বলেন, “আমার মনে আছে, একটি শটে এইচএমআই লাইটে আমার পিঠ পুড়ে গিয়েছিল। শট অনুযায়ী আমাকে ফ্রেমের বাইরে যেতে হয়েছিল এবং পেছনে থাকা আলোটা আমার গায়ে লেগেছিল। পুড়ে যাওয়ার মুহূর্তে সেটা বোঝা যায় না, পরে যখন জ্বালা শুরু হয়, তখন বুঝতে পারি।”

শিল্পা আরও বলেন, “পরদিনও আমি শুটিংয়ে হাজির হই। পোশাক পরার কথা ছিল, কিন্তু পিঠে পোড়ার জন্য সেটা পরতে পারিনি। তাই সামনে থেকে ড্রেসটা পরে থ্রেড দিয়ে সেলাই করে নিতে বলেছিলাম, যাতে চেন লাগাতে না হয়। আমি জীবনে এতটাই কঠোর পরিশ্রম করেছি, যাতে আমার কারণে অন্য কারও ক্ষতি না হয়।” সম্প্রতি তাঁকে দেখা গেছে রোহিত শেঠির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ। আগামীকাল রয়েছে কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’, যেখানে সঞ্জয় দত্তসহ একাধিক তারকার সঙ্গে অভিনয় করছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে