আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ রোববার প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম ২০১৬ সালে যশোরের চৌগাছায় ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলির ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের আবেদন করেন।

শুনানিতে প্রসিকিউশন জানায়, ২০১৬ সালে যশোরের চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনের পায়ে গুলি করা হয়। পরবর্তীতে গুলির ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। বালু ঢোকানোর জন্য তাঁদের পায়ে পচন ধরে এবং এক পর্যায়ে পা কেটে ফেলতে হয়।

যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ আটজন এই মামলায় আসামি। তাঁদের মধ্যে তিনজন কারাগারে রয়েছেন এবং আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি পাঁচ আসামি পলাতক।