প্রখ্যাত গায়িকা আশা ভোসলের মৃত্যুতে বলিউডের কিং শাহরুখ খান গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি বার্তায় তিনি লিখেছেন, ‘আশা ভোসলের মৃত্যুর খবরে সত্যিই খুব খারাপ লাগছে। তাঁর কণ্ঠ ছিল ভারতীয় সিনেমার অন্যতম স্তম্ভ আর এই কণ্ঠ যুগের পর যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।’
শাহরুখ আরও লিখেছেন, ‘তিনি এমন এক প্রতিভা, যিনি নিজের শিল্পকর্মের মধ্য দিয়ে সময়কে অতিক্রম করে চিরকাল বেঁচে থাকবেন।’ তাঁর প্রতি আশা ভোসলের ভালোবাসা ও আশীর্বাদের কথা স্মরণ করে শাহরুখ বলেন, ‘তিনি (আশা ভোসলে) সব সময় আমাকে ভালোবাসা আর আশীর্বাদ দিয়েছেন, তাঁকে আমি খুব মিস করব।’ তাঁর বিনম্রতা ছিল তাঁর প্রতিভার মতোই অসীম, আশা ভোসলের স্মরণে বেবী নাজনীন।
বার্তার শেষে মারাঠি ভাষায় ‘তাই’ (বড় বোন) সম্বোধনে শাহরুখ লিখেছেন, ‘শান্তিতে থাকুন, আশা তাই… আপনাকে ভালোবাসি।’ আজ রোববার দুপুর ১২টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে আশা ভোসলের মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর ছেলে আনন্দ ভোসলে। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বর্ষীয়ান এই সংগীতশিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদনজগৎ।
গতকাল শনিবার (১১ এপ্রিল) শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয় আশা ভোসলেকে। তাঁর নাতনি জানাই ভোসলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, অতিরিক্ত শারীরিক ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।






