উসাইন বোল্টের ১৯.১৯ সেকেন্ডের বিশ্ব রেকর্ড এখনও অটুট রয়েছে। ২০০৯ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে জ্যামাইকান স্প্রিন্টারের এই রেকর্ড কেউ ভাঙতে পারেননি। তবে অনূর্ধ্ব–২০ বছর বিভাগে বোল্টকে অনেক পেছনে ফেলে দিয়েছেন এক অস্ট্রেলিয়ান। দক্ষিণ সুদান বংশোদ্ভূত গাউট গাউট আজ অস্ট্রেলিয়ার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড় শেষ করেছেন মাত্র ১৯.৬৭ সেকেন্ডে। গাউটের বয়সে বোল্টের সেরা সময় ছিল ১৯.৯৩ সেকেন্ড।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস জানিয়েছে, গাউটের ১৯.৬৭ সেকেন্ড অস্ট্রেলিয়ার জাতীয় রেকর্ড এবং অনূর্ধ্ব–২০ বছর বয়সীদের মধ্যে দ্বিতীয় সেরা। ২০ বা তার কম বয়সীদের মধ্যে সবচেয়ে দ্রুত সময় ১৯.৪৯ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ের রেকর্ড যুক্তরাষ্ট্রের এরিয়ন নাইটনের, যা ২০২২ সালে হয়েছে।
কুইন্সল্যান্ডে জন্মগ্রহণকারী গাউট গত বছর ১৯.৮৪ সেকেন্ডে ২০০ মিটার ছুঁয়েছিলেন, তবে তখন বাতাসের সহায়তা পেয়েছিলেন। এবার বৈধ দৌড়ে আরও কম সময় নিয়ে তিনি বলেন, ‘এ রকম টাইমিং করার মতো গতি ও শারীরিক সক্ষমতা আমার আছে—এটি জানতে পেরে আমার কাঁধ থেকে যেন বড় একটি বোঝা নেমে গেল। তাই এটি অবশ্যই দুর্দান্ত এক অনুভূতি, আমি আরও ভালো কিছুর জন্য প্রস্তুত।’
গাউটের কোচ ডি শেফার্ড এই সময় নিয়ে বিস্মিত। এবিসি স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি এতটা আশা করিনি। আমি আশা করেছিলেন ২০ সেকেন্ডের নিচে হবে। কিন্তু এতটা কম সময়ে হবে, ভাবতে পারিনি।’
গাউটের ঐতিহাসিক দৌড়ে দ্বিতীয় হয়েছেন অ্যাইডেন মারফি। তিনি ১৯.৮৮ সেকেন্ডে দৌড় শেষ করে অস্ট্রেলিয়ার ২০০ মিটার দৌড়ের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হয়েছেন।






