আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে অবমাননাকর ফেসবুক পোস্ট দেওয়ায় যুবলীগ নেতা এম এইচ পাটোয়ারী (বাবু)-কে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অপরাধের জন্য তার স্ত্রীকে ক্ষমা করে দেওয়া হয়।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রোববার এই রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এম এইচ পাটোয়ারী বাবু ছাত্রলীগের সাবেক সহসভাপতি। বর্তমানে তিনি ঢাকা মহানগর যুবলীগ উত্তরের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাসা রাজধানীর মিরপুরের সেনপাড়ায়।

এম এইচ পাটোয়ারী বাবু নামের ফেসবুক আইডি থেকে সম্প্রতি এক পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে প্রায় ১২ হাজার কোটি টাকা ‘খাওয়ার’ বানোয়াট পোস্ট প্রচার করা হয়।

দণ্ডিত যুবলীগ নেতা ও তার স্ত্রী আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ উপস্থিত ছিলেন। তারা দুজনই আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। রায় ঘোষণার পর এম এইচ পাটোয়ারীকে কারাগারে নিয়ে যাওয়া হয়।