প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই। আজ বেলা ১২টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর ছেলে আনন্দ ভোসলে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯২।
অনেক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন না। শনিবার সন্ধ্যায় হঠাৎ তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে।
প্রথমে শোনা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। কিন্তু পরে তাঁর নাতনি জানাই ভোসলে সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে জানান, ‘চরম ক্লান্তি এবং বুকে সংক্রমণ’-এর কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় সংগীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা আশা ভোসলে। আট দশকেরও বেশি সময়ের দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষায় হাজার হাজার গান রেকর্ড করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, পপ থেকে গজল—বিভিন্ন ধারার গানে তাঁর অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সংগীতে অসামান্য অবদানের জন্য আশা ভোসলে অসংখ্য সম্মাননা লাভ করেছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ পেয়েছেন এবং ‘পদ্মবিভূষণ’ অর্জন করেছেন। এছাড়া একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন, যা তাঁকে ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাধিক সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে






