বলিউডে পরেশ রাওয়াল, অক্ষয় কুমার এবং পরিচালক প্রিয়দর্শনের ত্রয়ী আবার একসঙ্গে এসেছে আসন্ন হরর কমেডি ছবি ‘ভূত বাংলা’র মাধ্যমে। ছবিটিকে ইতিমধ্যে তাঁদের পুরোনো হিট ‘ভুল ভুলাইয়া’র সঙ্গে তুলনা করা হচ্ছে। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উঠে এসেছে অক্ষয়-টাবুর দীর্ঘদিনের বন্ধুত্বের অজানা কাহিনীও।
মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে ‘ভূত বাংলা’র ট্রেলার মুক্তি অনুষ্ঠানে তারকারাজির সমাবেশ ঘটেছিল। অক্ষয় কুমার, টাবু, পরেশ রাওয়াল, ওয়ামিকা গাব্বি, রাজপাল যাদব, রাজেশ শর্মা, মিথিলা পালকর, পরিচালক প্রিয়দর্শন এবং প্রযোজক একতা কাপুর উপস্থিত ছিলেন সেখানে। এই ছবিতে ১৪ বছর পর প্রিয়দর্শনের সঙ্গে অক্ষয় আবার কাজ করেছেন। অনুষ্ঠানে অক্ষয় বলেন, “আমি আশা করি, আপনারা সবাই এই ট্রেলারটি দেখে উপভোগ করেছেন, কারণ আমরা এই প্রকল্পে কাজ করতে গিয়ে সত্যিই দারুণ সময় কাটিয়েছি। অনেক বছর পর আমি প্রিয়দর্শন স্যারের সঙ্গে আবার কাজ করছি। ভূত বাংলা ছবিটিকে কল্পনা করার জন্য, এই সুযোগে আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আমি তাঁর প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে চাই। আমি আপনাদের বলতে চাই, তিনি একটি সত্যিই অসাধারণ এবং মহিমান্বিত ছবি নির্মাণ করেছেন, এতে যেমন প্রচুর কমেডি রয়েছে, তেমনই রয়েছে গা ছমছম করা ভয়ের ভরপুর উপস্থিতি”।
‘ভুল ভুলাইয়া’র সঙ্গে ‘ভূত বাংলা’র তুলনা নিয়ে পরেশ রাওয়াল বলেন, “ভূত বাংলা অনেক দিক থেকেই ভুল ভুলাইয়া থেকে আলাদা এবং আমার মতে আরও ভালো।” তিনি আরও জানান, “প্রিয়দর্শনের নিজস্ব যে স্টাইল, সেটা এই ছবিতেও আছে, কিন্তু এর সঙ্গে একটি শক্তিশালী আবেগও যুক্ত হয়েছে, যা দর্শকদের বেশি টানবে।” কমেডি ঘরানার বর্তমান অবস্থা নিয়ে পরেশ উদ্বেগ প্রকাশ করেন। তাঁর কথায়, “এখনকার কমেডি স্ক্রিপ্টে একটা স্পষ্ট অবনতি দেখা যাচ্ছে। আগের মতো শক্তিশালী লেখা খুব কমই হচ্ছে।” তিনি মনে করেন, ভালো কমেডির জন্য শক্তিশালী চিত্রনাট্যই সবচেয়ে জরুরি। পরেশ বলেন, “যদি স্ক্রিপ্ট ভালো না হয়, তাহলে শুধু অভিনেতার ওপর ভর করে কমেডি দাঁড় করানো সম্ভব নয়।”
ট্রেলার অনুষ্ঠানে প্রায় ২৫ বছর পর একসঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন অক্ষয় কুমার এবং টাবু। দীর্ঘদিন পর টাবুর সঙ্গে কাজের প্রসঙ্গে অক্ষয় বলেন, “এই ছবিটাই আমাদের দুজনের জন্য সঠিক ছিল। এত দিন আমরা একসঙ্গে ছবি করতে পারিনি, কারণ সে তার কাজে ব্যস্ত ছিল, আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, আর প্রিয়ান (প্রিয়দর্শন) স্যার অন্য কোথাও ব্যস্ত ছিলেন। এখন সেই সুযোগ এসেছে। তবে এখন আমি টাবুজি এবং প্রিয়ান স্যারকে অনুরোধ করব, যাতে ভবিষ্যতে আর এমন অভিযোগ যেন না থাকে।” পুরোনো স্মৃতি তুলে অক্ষয় বলেন, “টাবু আমার খুব প্রিয় এবং বহুদিনের বন্ধু। আমি এই ইন্ডাস্ট্রিতে প্রায় ৩৫ বছর আছি। কিন্তু আমি টাবুকে চিনি প্রায় ৩৮-৩৯ বছর ধরে। আমরা একসঙ্গে ডান্স একাডেমিতে নাচ শিখতে যেতাম। খুব কম মানুষই এই বিষয়টি জানে।” টাবু যোগ করেন, “হ্যাঁ, ও (অক্ষয়) আমাকে বাইকে করে নিতে আসত।” অভিনেত্রী আরও বলেন, “ও এখনো আগের মতোই আছে। এখনো ভোর চারটায় উঠে পড়ে এবং সকাল পাঁচটায় জগিং করতে জোর করে। এখনো বলে, ‘এটা খেয়ো না, ওটা খেয়ো না।’ এই ব্যাপারটা একেবারেই বদলায়নি।”
উল্লেখ্য, অক্ষয় কুমার এবং টাবুকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল প্রিয়দর্শন পরিচালিত জনপ্রিয় ছবি হেরা ফেরিতে। ২০০০ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’তে টলিউড অভিনেতা যিশু সেনগুপ্তকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ছবিটি আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।






