লালমনিরহাট-৩ আসনের সাংসদ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু) হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার বিমানে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছানোর পর তাঁর অসুস্থতার সংবাদ পাওয়া যায়। পরে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়। ত্রাণমন্ত্রী আসাদুল হাবিবের ব্যক্তিগত কর্মকর্তা ও পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
পারিবারিক সূত্র জানায়, ত্রাণমন্ত্রী আজ শনিবার বিমানযোগে সৈয়দপুরে আসেন। এরপর সড়কপথে লালমনিরহাটের নির্বাচনী এলাকায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক তাঁকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। দুপুর ১২টা ১০ মিনিটের ফ্লাইটে ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বেলা ৩টা ৪৫ মিনিটে ত্রাণমন্ত্রীকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর থেকে রাজধানীর উদ্দেশে প্রস্থান করে। বিকেল ৪টা ৪৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা সিএমএইচ-এ অবতরণ করে। এরপর অ্যাম্বুলেন্সে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।






