‘পুষ্পা ২’ ছবির আইটেম গানে অভিনয় করে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলার জনপ্রিয়তা আরও বেড়েছে। তবে মেয়েদের ঋতুস্রাব নিয়ে তাঁর একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবল বিতর্কের জন্ম দিয়েছে।
সম্প্রতি এমবিবিএস পাস করে চিকিৎসক হিসেবে নতুন পরিচয় পেয়েছেন শ্রীলীলা। এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল এবং একজন নারী হিসেবে তিনি কীভাবে তা সামলেছেন। উত্তরে শ্রীলীলা বলেন, “পিরিয়ড নারীদের জন্য কোনো অজুহাত হতে পারে না।” এই মন্তব্যটিই এখন বিতর্কের কেন্দ্রবিন্দু।
‘উস্তাদ ভগৎ সিং’ ছবির সাফল্য পার্টিতে শ্রীলীলা জানান, তিনি নিজে পিরিয়ড চলাকালীনও শুটিং করেছেন। তাঁর কথায়, “সব গান বা বেশির ভাগ গানই দর্শকদের ভালো লেগেছে। আমি আমার পিরিয়ডের সময়ও শুটিং করেছি, তাই পিরিয়ড কোনো অজুহাত হতে পারে না। যখন আমরা সমান অধিকার চাই, তখন আমাদের শারীরিক বাধাও অতিক্রম করতে হবে।”
শ্রীলীলা আরও বলেন, বিষয়টি মানসিক হোক বা শারীরিক, কোনোটাই কাজের ক্ষেত্রে অজুহাত হওয়া উচিত নয়। এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকে প্রশ্ন তোলেন, একজন নারী ও চিকিৎসক হয়েও তিনি কীভাবে এমন কথা বলতে পারেন। নেটিজেনদের একাংশের বক্তব্য, প্রত্যেক নারীর শরীর আলাদা এবং পিরিয়ডের অভিজ্ঞতাও ভিন্ন। কেউ কেউ কটাক্ষ করে বলেন, তাহলে কি তিনি হাঁপানির রোগীকেও বলবেন—জোরে শ্বাস নাও, বাতাস তো আছেই! আবার অন্যদের মত, শ্রীলীলার অভিজ্ঞতা সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না।
একজন ব্যবহারকারী বলেন, “একজন চিকিৎসক হয়েও তিনি এটিকে স্বাভাবিক বলছেন, এটা অবাক করার মতো। প্রতিটি শরীরের জন্য পিরিয়ডের অভিজ্ঞতা ভিন্ন হয়।”
কাজের দিক থেকে শ্রীলীলা সম্প্রতি ‘উস্তাদ ভগৎ সিং’ ছবিতে অভিনয় করেছেন, যেখানে তাঁর সঙ্গে ছিলেন পবন কল্যাণ। ছবিটি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এ ছাড়া শ্রীলীলা শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন। পরিচালক অনুরাগ বসুর একটি মিউজিক্যাল ড্রামা ছবিতে তাঁকে দেখা যাবে, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করবেন কার্তিক আরিয়ান।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে






