নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। আজ শনিবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আবদুর গফুর সরকার।
জানা গেছে, নিজের জেলা লালমনিরহাটে দুই দিনের সফরে যাওয়ার উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎ মাথা ঘোরা ও অস্বস্তি অনুভব করেন তিনি। তৎক্ষণাৎ তাঁকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। পরে দুপুর ১২টা ১০ মিনিটের ফ্লাইটে ঢাকায় পাঠানোর চেষ্টা করা হলেও শারীরিক অবস্থার অবনতির কারণে তা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, “ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যে সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছে। পৌঁছানোর পর মন্ত্রীকে রাজধানীতে নেওয়া হবে।”






