সিনেমায় তাঁর চরিত্র ছিল খুব ছোট, পারিশ্রমিকও তেমন কিছু নয়। কিন্তু সেই ছবিই তাঁর ক্যারিয়ারের পথ বদলে দেয়। কথা বলছি বলিউড অভিনেত্রী কাশমিরা শাহরের। শাহরুখ খানের সঙ্গে ‘ইয়েস বস’ ছবিতে কাজ করে তিনি ক্যারিয়ারের ভিত্তি গড়ে তোলেন।
ছবিতে কাশমিরা অভিনয় করেন এক ধনী, আভিজাত্যপূর্ণ চরিত্রে। পর্দায় তিনি ছিলেন আত্মবিশ্বাসী, ঝকঝকে এক নারী। কিন্তু বাস্তবে তখন তাঁর জীবন ছিল একেবারেই উল্টো। সেটে শাহরুখ খান বা জুহি চাওলার মতো তারকারা বিলাসবহুল গাড়িতে আসতেন, আর কাশমিরা আসতেন অটোরিকশায়।
কাশমিরা নিজেই স্বীকার করেছেন, সে সময় তাঁর গাড়ি কেনার সামর্থ্য ছিল না, এমনকি নিয়মিত আয়ও ছিল অনিশ্চিত। তবু অভিনয়ের প্রতি ভালোবাসা এবং সুযোগ হাতছাড়া না করার তাগিদে তিনি প্রতিদিন সময়ের আগেই সেটে পৌঁছে যেতেন, যাতে কেউ তাঁর বাস্তব অবস্থা বুঝতে না পারেন।
সেই ছবিতে কাশমিরা মাত্র ৩০ হাজার রুপি পারিশ্রমিকে কাজ করেন। কিন্তু এই ছোট সুযোগটিই তাঁর জন্য বলিউডে প্রবেশের দরজা খুলে দেয়। ‘ইয়েস বস’ ছিল তাঁর প্রথম বড় হিন্দি ছবি। এরপর তিনি ‘পেয়ার তো হোনা হি থা’, ‘হেরা ফিরি’, ‘জঙ্গল’সহ আরও চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে জায়গা করে নেন।
সর্বশেষ বড় পর্দায় কাশমিরাকে দেখা গেছে মারাঠি সিনেমা ‘নায় ভারানভাত লোচা কান নায় কোনচা’তে।
এছাড়া তিনি রিয়েলিটি শো ‘লাফটার শেফস—আনলিমিটেড ইন্টারটেইনমেন্ট’-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে






