নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাবের যৌথ দল প্রায় ২ হাজার লিটার খোলা সয়াবিন তেল জব্দ করেছে। অবৈধভাবে মজুত করে বোতলজাত ও ভিন্ন নামে বাজারজাত করার অভিযোগে এসব তেল বাজেয়াপ্ত করা হয়।

আজ শুক্রবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাব কাজীপাড়া চৌরাস্তায় রাজু ও খোরশেদ নামের দুই ব্যক্তির গুদামে অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে নয়টি ব্যারেলে রাখা প্রায় ২ হাজার লিটার খোলা সয়াবিন তেল জব্দ করা হয়। স্থানীয় খোলাবাজার থেকে সয়াবিন তেল সংগ্রহ করে অবৈধভাবে মজুত, বোতলজাত করে ‘বন্ধন প্লাস’ ও ‘বিসমিল্লাহ’ নামক স্টিকার ব্যবহার করে বাজারজাত করার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এই অভিযোগে কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, চলতি ২০২৬ সালে তিন মাসেই প্রায় ৫ হাজার ৪২৫ লিটার ভোজ্যতেল জব্দ করেছে বিজিবি। জয়পুরহাট, সাতক্ষীরা, যশোর, ফেনী, কক্সবাজার, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় পরিচালিত অভিযানে এসব তেল বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া ২০২৪ সালে ১৩ হাজার ১৭৭ লিটার এবং ২০২৫ সালে ৩০ হাজার ৯২ লিটারসহ মোট ৪৩ হাজার ২৬৯ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে।