তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের আলোচিত ছবি ‘জন নায়গণ’ মুক্তির পথে বড় ধাক্কা খেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়া ছবির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ও একটি গানের অংশ ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে অনলাইনে ফাঁস হওয়া প্রায় পাঁচ মিনিটের ফুটেজে ছবির টাইটেল ক্রেডিটস, বিজয়ের পরিচিতিমূলক দৃশ্য এবং একটি গানের কিছু অংশ দেখা গেছে। এছাড়া একটি কারাগারের দৃশ্যও রয়েছে, যেখানে বন্দীর পোশাকে কোদাল হাতে বিজয়কে দেখা যায়। পরবর্তীতে তাঁর স্বাক্ষরধর্মী স্টাইলে একটি অ্যাকশন দৃশ্য ফুটে উঠেছে।

এই ক্লিপগুলো দ্রুতই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। তবে ফুটেজ কোথা থেকে ফাঁস হলো, তা এখনো নিশ্চিত নয়।

‘জন নায়গণ’ ছবিটি বিজয়ের শেষ সিনেমা হিসেবে বিবেচিত, কারণ অভিনয় ছেড়ে পূর্ণকালীন রাজনীতিতে যোগ দেওয়ার আগে এটিই তাঁর বিদায়ী চলচ্চিত্র। ফলে ভক্তদের প্রত্যাশা ছিল তুঙ্গে। এমন সময় ফাঁসের ঘটনায় হতাশ ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে পুরো ছবি ফাঁস না হয় এবং নির্মাতাদের ক্ষতি কমানো যায়।

ভারতের বিভিন্ন প্রান্তে নির্বাচনী আবহ চলাকালীন, বিশেষ করে তামিলনাড়ুর রাজনীতি উত্তপ্ত অবস্থায় এই ছবি নিয়ে আগ্রহ আরও বেড়েছে। কারণ ছবির পর বিজয় রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তাই সিনেমা ও রাজনীতির এই সন্ধিক্ষণে ‘জন নায়গন’ কেবল একটি চলচ্চিত্র নয়, একটি প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। এমন পরিস্থিতিতে ফাঁস হওয়া ফুটেজ শুধু ছবির জন্য নয়, পুরো চলচ্চিত্র শিল্পের জন্য বড় সতর্কবার্তা।

‘জন নায়গণ’ নিয়ে আইনি লড়াইয়ের ইতিহাস দীর্ঘ ও জটিল। প্রথমে সেন্সর বোর্ডের এক্সামিনিং কমিটি সার্টিফিকেশনের ছাড়পত্র দেয়। এরপরও সিবিএফসি ছবিটিকে রিভাইজিং কমিটির কাছে পাঠায়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কেভিএন প্রোডাকশনস আদালতে যায়।

মাদ্রাজ হাইকোর্টের একক বিচারপতি প্রথমে নির্মাতাদের পক্ষে রায় দিয়ে ছবিকে ইউএ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেন। কিন্তু সেন্সর বোর্ড আপিল করলে ডিভিশন বেঞ্চ একক বিচারপতির রায় বাতিল করে। আদালত জানান, সেন্সর বোর্ডকে যথেষ্ট সময় দেওয়া হয়নি পাল্টা হলফনামা দেওয়ার জন্য।

এরপর নির্মাতারা সুপ্রিম কোর্টে যান, কিন্তু সেখানে আবেদন খারিজ করে বলা হয়, বিষয়টি আবার মাদ্রাজ হাইকোর্টেই নিষ্পত্তি করতে হবে। ফলে প্রক্রিয়া দীর্ঘায়িত হয় এবং ছবির মুক্তি পিছিয়ে যায়।

ছবিটি মূলত গত ৯ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তির কথা ছিল। কিন্তু আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে