চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চতুর্থ পর্যায়ের ভর্তি কার্যক্রমের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ এপ্রিল থেকে এই ধাপের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, চলতি বছর ২৩ জানুয়ারি প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয় এবং ২৫ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের ভর্তি শুরু হয়। গত বৃহস্পতিবার পর্যন্ত তিনটি ধাপে মোট ৮৬৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মোট আসন ৯২০টি হওয়ায় বর্তমানে ৫৫টি আসন শূন্য রয়েছে, যা মোট আসনের প্রায় ৫ শতাংশ।

চতুর্থ পর্যায়ের ভর্তি প্রক্রিয়ায় মোট ৫০৫ জন শিক্ষার্থীকে ডাকা হয়েছে। এর মধ্যে প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে মূল মেধাক্রমের ৩০০১ থেকে ৩৫০০ পর্যন্ত এবং স্থাপত্য বিভাগে মেধাক্রম ১২৬ থেকে ১৩০ পর্যন্ত থাকা শিক্ষার্থীরা সুযোগ পেয়েছেন। নির্ধারিত মেধাক্রমের প্রার্থীদের সনদ যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা ২২ এপ্রিল সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার সময় স্বীকৃত ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রাপ্ত রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট এবং চশমা ব্যবহারকারী শিক্ষার্থীদের চশমা সঙ্গে রাখা বাধ্যতামূলক।

ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রার্থীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন পছন্দক্রম ফরম ও ড্যাশবোর্ডে নির্দেশিত অন্যান্য ফরম ডাউনলোড করে প্রিন্ট করে ২২ এপ্রিল নিয়ে আসতে হবে। যারা আগে অনলাইন পছন্দক্রম ফরম পূরণ করেননি, তাদের ভর্তির দিন তা পূরণের সুযোগ দেওয়া হবে। নিরীক্ষা বোর্ডের মাধ্যমে সনদ যাচাইয়ের পর শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

স্বাস্থ্য পরীক্ষার পরদিন, ২৩ এপ্রিল সকাল থেকে মূল ভর্তি কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের প্রাপ্ত বিভাগ অনুযায়ী নির্ধারিত ১৮ হাজার ৫০০ টাকা বেলা তিনটার মধ্যে সোনালী ব্যাংকের চুয়েট শাখায় জমা দিতে হবে। তবে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২২ এপ্রিলই ব্যাংকে টাকা জমা দিয়ে ভর্তি হতে পারবেন।

ভর্তির জন্য মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মূল সনদ ও ট্রান্সক্রিপ্টের মূল কপি, উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও ট্রান্সক্রিপ্টের মূল কপি জমা দিতে হবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দেওয়া মূল প্রশংসাপত্র, অনধিক ৩ মাস আগে তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং হল পর্যবেক্ষকের স্বাক্ষরযুক্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দাখিল করতে হবে।