চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর সিকুয়েল নিয়ে আগামী ঈদুল আজহায় ফিরছেন কি না—এই গুঞ্জন কয়েকদিন ধরে চলছে। শোনা যাচ্ছে, দুটি সিনেমার যেকোনো একটির প্রি-প্রোডাকশন নিয়ে ব্যস্ত রাফী। কিন্তু সত্যিই কী ঘটছে?
সিকুয়েল নিয়ে প্রশ্নের মুখে রায়হান রাফী অনেকটা চুপ। বিশেষ করে ‘প্রিন্স’ সিনেমার প্রিমিয়ারে তাঁর উপস্থিতি এবং সেখানে ‘তুফান’-‘তাণ্ডব’-এর প্রযোজকদের উপস্থিতি গুজব ছড়িয়েছে। ‘প্রিন্স’-এর প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় শাকিব সিকুয়েলে আসবেন বলেও কথা উঠেছে।
এসব জল্পনাকল্পের অবসান ঘটিয়েছেন রাফী। তিনি মুক্তকণ্ঠকে জানালেন, আগামী ঈদে তাঁর নতুন সিনেমা আসছে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণার আগে এ নিয়ে কিছু বলতে চান না। ‘তুফান’ বা ‘তাণ্ডব’-এর সিকুয়েল কি সেটা? এ প্রশ্নে রাফী বলেন, “আমি আপাতত কোনো সিকুয়েল নিয়ে আসছি না। সিনেমা দুটির (‘তুফান’, ‘তাণ্ডব’) সিকুয়েল নিয়ে এই ঈদে ভাবছিও না। তবে ঈদে সিনেমা আসতে পারে। সেটা সময় হলেই প্রযোজক জানাবেন।”
এদিকে ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। মাল্টিপ্লেক্সে সীমিত হল নিয়েও সিনেমাটি এখনো প্রতিযোগিতায় টিকে আছে। পরিচালকের মতে, ব্যবসায়িক সাফল্যে তারা খুশি। যতটা ভেবেছিলেন, তার চেয়েও ভালো চলছে সিনেমাটি।
সুখবর হিসেবে রাফী জানালেন, লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে যুক্তরাজ্য প্রিমিয়ার হবে তাঁর এই সিনেমা। নবম আয়োজনে ‘প্রেশার কুকার’ ২২ এপ্রিল প্রদর্শিত হবে। উৎসবে উপস্থিত থাকবেন তিনি। রাফী বলেন, “আমাদের এই সিনেমাটি আর্টিস্টিক সিনেমা। এ ধরনের সিনেমা ফেস্টিভ্যালে দর্শকদের প্রশংসা পায়। সেখানে আমাদের সিনেমাটি হলে এখনো ভালো চলছে। এর মধ্যেই আবার সিনেমাটির প্রিমিয়ারের জন্য লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ডাক পেয়েছি। সব মিলিয়ে আমরা সিনেমা নিয়ে খুশি।”
জানা গেছে, সীমিত হল নিয়ে ‘প্রেশার কুকার’-এর ১৯ দিনে আয় ১ কোটি ৩০ লাখ টাকার মতো। চলতি সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে সিনেমাটি। আগামী সপ্তাহ থেকে নর্থ আমেরিকাসহ আরও কয়েক জায়গায় মুক্তি পাবে। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, শবনম বুবলী, নাজিফা তুষি প্রমুখ।






