বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার নিজের জীবনকাহিনী নিয়ে সবসময়ই খোলামেলা কথা বলতে ভালোবাসেন। সাম্প্রতিককালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘হুইল অব ফরচুন’ সঞ্চালনার সময় তিনি তাঁর স্কুলজীবনের এক অপ্রকাশিত অধ্যায় তুলে ধরেন।

শো-এর সময় দর্শকের আসন থেকে নিজের শৈশবের বন্ধু জিনেশকে পরিচয় করিয়ে দিতে গিয়ে অক্ষয় অতীতের স্মৃতিতে ফিরে যান। তিনি বলেন, “আমরা কেজি থেকে একসঙ্গে পড়েছি। আর কেজি থেকে নবম শ্রেণির মধ্যে আমরা তিন-তিনবার ফেল করেছি।” তিনি নিজেকে ব্যাকবেঞ্চার হিসেবে পরিচয় দেন এবং হাসতে হাসতে জানান, পড়াশোনার চেয়ে বন্ধুদের সঙ্গে সময় কাটানোই তাঁর বেশি পছন্দ ছিল।

বন্ধুকে টিট করে অক্ষয় বলেন, “তুমি কেন ফেল করলে? আমার সঙ্গে সময় কাটানোর কারণেই!” এই মজার কথায় পুরো সেট হাসির ঢেউয়ে ভরে যায়।

তবে স্কুলজীবনের এই ব্যর্থতা অক্ষয়কে কখনো থামাতে পারেনি। কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের জোরে তিনি অন্য পথ বেছে নিয়ে বলিউডের শীর্ষ অভিনেতাদের মর্যাদা অর্জন করেছেন।

ক্যারিয়ারের দিক দিয়েও অক্ষয় কুমার বর্তমানে ব্যস্ত। প্রিয়দর্শন পরিচালিত নতুন ছবি ‘ভূত বাংলা’ মুক্তির জন্য প্রস্তুত। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন ওয়ামিকা গাব্বি, টাবু, পরেশ রাওয়াল ও রাজপাল যাদব।

প্রথমে ১৫ মে মুক্তির কথা ছিল, কিন্তু বক্স অফিসে ‘ধুরন্ধর ২’-এর প্রভাবে তারিখ এগিয়ে এনে ১৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

এনডিটিভি অবলম্বনে