যুক্তরাষ্ট্রের কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যালে কে-পপ গার্ল গ্রুপ ক্যাটস আই মঞ্চ নেবে, তবে গ্রুপের সদস্য মাননকে দেখা যাবে না।

কোরিয়া হেরাল্ডের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার হাইব জানিয়েছে, তিনি এখনো বিরতিতে রয়েছেন।

ফেব্রুয়ারি থেকে মানন বিরতিতে আছেন। এই সময়ে তিনি ইনস্টাগ্রাম থেকে ক্যাটস আইয়ের নাম সরিয়ে নেন। এরপর থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, তিনি গ্রুপ ছেড়ে যাচ্ছেন। এখন কোচেলা ভ্যালিতেও ক্যাটস আইয়ের সঙ্গে তাঁর উপস্থিতি নেই। তবে মানন এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

আগে উইভার্সে ভক্তদের উদ্দেশে মানন লিখেছেন, ‘আমার প্রতি তোমাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। এই সময়ে সবাই যে ধৈর্য ও সহমর্মিতা দেখিয়েছ, তার জন্য আমি কৃতজ্ঞ।’

মানন আরও লিখেছেন, ‘হাইব ও গেফেন রেকর্ডসের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছি। শিগগিরই বিস্তারিত জানাব।’

শুক্রবার ক্যাটস আই নতুন সিঙ্গেল ‘পিঙ্কি আপ’ প্রকাশ করবে। কোচেলার অভিষেক মঞ্চেই গ্রুপটি এই গানটি প্রথমবার পরিবেশন করবে।