ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও বলিউড সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে বাতিলের পর থেকে তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছিল। সম্প্রতি পলাশের বোন গায়িকা পলক মুচ্ছলের সঙ্গে দেখা হয়েছে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানার। এতে উঠেছে প্রশ্ন, দুই পরিবারের সম্পর্ক কি আগের মতো মসৃণ হয়েছে?

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, স্মৃতির বাবার পায়ে হাত রেখে আশীর্বাদ নিচ্ছেন পলক। অনেকে এটাকে দুই পরিবারের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

স্মৃতি মান্ধানাকে ‘সারপ্রাইজ’ দেওয়ার জন্য ঢাকায় এসেছিলেন পলাশ মুচ্ছল। গত বছরের ২৩ নভেম্বর তাঁদের বিয়ে নির্ধারিত ছিল। কিন্তু সকালে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ফলে স্মৃতি বিয়ে স্থগিত ঘোষণা করেন। এর মধ্যে পলাশও কয়েক ঘণ্টা হাসপাতালে ছিলেন, পরে বাসায় ফিরে আসেন।

বিয়ের পর স্মৃতি ইনস্টাগ্রাম থেকে বাগদান, গায়েহলুদসহ সব বিয়ের পোস্ট মুছে ফেলেন। এদিকে ঘটনা নতুন মোড় নেয় যখন পলাশের মেরি ডি’কস্তা নামের এক নারীর সঙ্গে অন্তরঙ্গ চ্যাটের স্ক্রিনশট ফাঁস হয়। এতে বিতর্কের ঝড় ওঠে এবং গুঞ্জন ছড়ায় যে, এই ঘটনা জানার পর স্মৃতি-পলাশের সম্পর্কে অবনতি ঘটে।

পলাশ পরে ইনস্টাগ্রামে লিখেছিলেন, “আমি আমার ব্যক্তিগত সম্পর্ক থেকে এক ধাপ পেছনে সরে যাচ্ছি। ভিত্তিহীন গুঞ্জনের কারণে মানুষ এত সহজে প্রতিক্রিয়া দেখায়, এটা আমাকে খুব কষ্ট দেয়। আশা করি, আমরা সমাজ হিসেবে আগে যাচাই না করে কারও বিচার না করি।”

পলক মুচ্ছলও একটি ইনস্টাগ্রাম পোস্টে সবাইকে গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানান। বিয়ে বাতিলের পর স্মৃতি ও পলাশ একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেন। এখন পলক ও স্মৃতির বাবার সাক্ষাৎ আবার কৌতূহল জাগিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে