হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে চোরাচালান চক্রের সদস্য মফিদুল ইসলাম (৪৩)-কে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২-এর খোলা কার পার্কিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এপিবিএন-১৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক মফিদুল ইসলাম উমরাহ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে বৃহস্পতিবার একটি উড়োজাহাজে সৌদি আরব থেকে বেলা পৌনে ১১টার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তিনি খুলনা জেলার লবণচরা থানার বাসিন্দা। আটকের পর তাকে বিমানবন্দর এপিবিএন কার্যালয়ে নিয়ে তল্লাশি করে হাতব্যাগ থেকে ৪৯৯ দশমিক ১ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এছাড়া ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ার লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা জব্দ করা হয়। উদ্ধার স্বর্ণালংকারগুলো ২১ ক্যারেটের এবং এর বাজারমূল্য প্রায় ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মফিদুল ইসলাম এপিবিএন কর্মকর্তাদের বলেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ বাংলাদেশে আনা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে একটি চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত থেকে বাহক হিসেবে কাজ করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ বি(১)(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এপিবিএন সক্রিয় রয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।






