জাপানে বাংলা নববর্ষের উদযাপনে আবার ফিরে আসছে ‘বৈশাখী মেলা ২০২৬’। ১২ এপ্রিল রবিবার সাইতামা প্রিফেকচারের মিশাতো সিটির লিতপিয়া পার্কে এই উৎসব অনুষ্ঠিত হবে। বৈশাখী মেলা জাপান ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় রূপ নেবে বলে আয়োজকেরা আশাবাদী।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেলার প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও আরফিন রুমি। মিউজিক টিমে যোগ দেবেন বাপ্পি, রানা, উজ্জ্বল ও মেহেদী। প্রবাসীদের কর্মব্যস্ত জীবনে একটুকরা বাংলাদেশের ছোঁয়া এনে দিতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাপানে বসবাসরত নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি পরিচয় করানো এবং প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোই এই মেলার মূল লক্ষ্য। ১২ এপ্রিল সকাল থেকে উৎসবের পরিবেশে মেলা শুরু হবে।






