জুলাই গণ–অভ্যুত্থানের সময়কার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের এই মামলায় বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মাহবুব আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
আবেদন করেন মামলার তদন্তকারী ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. শাহজালাল মিয়া। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর–১০ নম্বর মোড়ে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন নবম শ্রেণির শিক্ষার্থী আদহাম বিন আমিন। এ সময় আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। এতে আদহামের দুই হাঁটুতে গুলি লাগে। এ ঘটনায় ওই বছরের ২২ অক্টোবর তার ভাই আকিবুন নূর বাদী হয়ে মামলা দায়ের করেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তদন্তে মামলার ঘটনার সঙ্গে আসামি মাহবুব আলীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি অগ্রণী ভূমিকা রেখেছিলেন। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাঁকে গ্রেপ্তার দেখানো জরুরি।
এর আগে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার হন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি তখন থেকে কারাগারে আছেন।






