জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে ১০ ও ১১ এপ্রিল রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ৪৪তম বার্ষিক অধিবেশন কার্যকর হবে। এই দুই দিনের জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনে সারা দেশ থেকে সাত শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক অংশগ্রহণ করবেন। বর্তমানে দেশে পরিষদের ৮২টি সক্রিয় শাখা রয়েছে।

বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সম্মেলনের উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যশিল্পী ফেরদৌসী মজুমদার। এছাড়া অধ্যাপক সৈয়দ আকরম হোসেনকে রবীন্দ্রপদক প্রদান করে সম্মানিত করা হবে।

আজ বুধবার সকালে ছায়ানট সংস্কৃতি ভবনে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। সেখানে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী লিলি ইসলাম। বক্তব্য দেন সভাপতি মফিদুল হক, সভাপতি সারওয়ার আলী, নির্বাহী সভাপতি বুলবুল ইসলাম, সহসভাপতি আমিনুল হক, লাইসা আহমদ লিসা। উপস্থিত ছিলেন সম্পাদক মণ্ডলীর সদস্য জহিরুল হক খান, আবুল ফারাহ পলাশ ও সদস্য রশীদ আল হেলাল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ এপ্রিল সকাল দশটায় বোধন সংগীত ‘আমি মারের সাগর পাড়ি দেব’ গানটির মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর কিশোর ও সাধারণ বিভাগের জাতীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম দিনের সান্ধ্যকালীন অধিবেশনে একটি পর্ব থাকবে নজরুল সংগীত। দ্বিতীয় দিন বেলা সাড়ে এগারোটায় ‘বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সংগীত’ শীর্ষক সেমিনার হবে, যার সভাপতিত্ব করবেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি মফিদুল হক।

সম্মেলনের দুই দিনের সান্ধ্য অধিবেশনে গুণীজনের সুবচন, গীতিআলেখ্য, আবৃত্তি, নৃত্য ও গানের অনুষ্ঠান থাকবে।