চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ বেড়িবাঁধ এলাকায় অল ট্রেড ইন্টারন্যাশনাল নামক ডাস্ট প্রক্রিয়াকরণ কারখানায় দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। কারখানাটিতে ইস্পাতের ছাই (ডাস্ট) প্রক্রিয়াকরণ করা হয়।
খবর পেয়ে বেলা দুইটার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কারখানা বন্ধ করে। পুলিশ নিশ্চিত করেছে, ওই কারখানায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা মো. ফারুক ও মো. জহির। ফারুক নোয়াখালী এলাকার বাসিন্দা এবং জহির কুমিল্লার।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানার ছাদের ঢেউটিন মেরামতের কাজ চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে ভেতরে হঠাৎ বিকট শব্দ হয়। পরে কারখানা থেকে দুজনের লাশ উদ্ধার করা হয় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কারখানার ব্যবস্থাপক জহিরুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “তাঁদের কারখানায় ঠিকাদারের লোকজন কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে ছাদের ওপর থেকে ভারী বস্তু পড়ে ঠিকাদারের দুজন লোক আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ অবস্থা তিনি জানাতে পারেননি।”
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহমেদ ভূঁঁইয়া মুক্তকণ্ঠকে বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে কারখানাটি বন্ধ পেয়েছেন। মালিকপক্ষের কাউকে কারখানা এলাকায় পাননি। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যরা জানিয়েছেন, ওই কারখানা থেকে দুজন শ্রমিকের লাশ নিয়ে যাওয়া হয়েছে। নিহত দুই শ্রমিকের লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে।






