গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যান চালককে হাইওয়ে পুলিশের মারধরের প্রতিবাদে পরিবহনশ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় সড়ক অবরোধ করেছে। আজ বুধবার বেলা তিনটা থেকে বিক্ষোভ শুরু হয়। ফলে জৈনাবাজারে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত অবরোধ চলতে থাকে।

শ্রমিকদের কাছ থেকে জানা গেছে, জৈনাবাজার আহমদ ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার জন্য এক কাভার্ড ভ্যান সড়কপাশে অন্য গাড়ির সঙ্গে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিল। বেলা দুইটায় হাইওয়ে পুলিশের একটি দল সেখানে এসে কয়েকজন সদস্য চালককে মারধর করে। আহত চালককে অন্য চালকেরা হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বেলা তিনটার দিকে তারা সড়ক অবরোধ করে হাইওয়ে পুলিশের বিচার দাবি করে বিক্ষোভ শুরু করে।

আন্দোলনকারী শ্রমিক মো. জাহাঙ্গীর আলম বলেন, “রাস্তায় যানজট হওয়ায় সেখানে কাভার্ড ভ্যানের চালককে দায়ী করে তাঁর ওপর পুলিশ চড়াও হয়েছে। প্রকৃতপক্ষে যানজটের জন্য ওই চালকের কোনো দোষ ছিল না।” অপর শ্রমিক জিহাদ মিয়া জানান, তাঁরা এ ঘটনায় হাইওয়ে পুলিশের বিচার চান। বিচার নিশ্চিত না হলে সড়ক ছাড়বেন না তাঁরা।

আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীরা বিপাকে পড়েছেন। ত্রিশাল অভিমুখে যাওয়া মো. সাব্বির আহমেদ বলেন, “এমসি বাজার থেকে অটোরিকশায় করে তিনি জৈনাবাজার পার হয়ে অন্য গাড়িতে ওঠার চেষ্টা করবেন।” মাওনা থেকে ময়মনসিংহ যাওয়া যাত্রী আবদুস সালাম বলেন, আন্দোলনের ফলে যানবাহন চলাচল বন্ধ থাকায় তিনি দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির আহমেদ মুক্তকণ্ঠকে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সমস্যার সমাধানে চেষ্টা চলছে।